টোলের নামে মহাসড়কে চাঁদাবাজি নিয়ে যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর নাটোরের সিংড়া বাস টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল করেছে পৌর কর্তৃপক্ষ। সোমবার (২২ জুলাই) দুপুরে ইজারা বাতিলের ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আব্দুল্লাহ আল রিফাত।
চাঁদাবাজির প্রমাণ পাওয়ার পর ইজারা বাতিল
ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, সিংড়া বাস টার্মিনালের ইজারা শর্ত ভঙ্গ করে বিভিন্ন স্থান থেকে এবং চলন্ত গাড়ী থামিয়ে অবৈধভাবে টোল আদায়ের সত্যতা পাওয়ায় স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু এমপি মহোদয়ের পরামর্শক্রমে ইজারা বাতিল করা হয়েছে। তিনি আরও বলেন, টোল সংক্রান্ত কোনো অনিয়ম হলে শক্ত হাতে প্রতিরোধ করছি। এরপরও যদি এই ধরনের কোনো সমস্যা হয়, তাহলে তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
যমুনা টেলিভিশনের সংবাদ প্রচার
জানা যায়, গত শনিবার নাটোরের সিংড়ায় বাস টার্মিনাল ইজারা নিয়ে চাঁদাবাজির অভিযোগ, অতিষ্ট চালকেরা শিরোনামে যমুনা টেলিভিশনে সংবাদ প্রচার হয়। সংবাদে তুলে ধরা হয় বাস টার্মিনাল ইজারা নিয়ে নিয়ম-নীতির তোয়াক্কা না করে মহাসড়কসহ বিভিন্ন স্থান থেকে টোলের নামে অবৈধভাবে চাঁদা তোলা হচ্ছে। পরে তদন্ত করে ঘটনার সত্যতা মেলে।
প্রশাসনের সম্মিলিত সিদ্ধান্ত
সংবাদটি জেলা প্রশাসক আসমা শাহীন, স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু এমপিসহ পুলিশ সুপারের নজরে আসে। পরে সবার সম্মিলিত সিন্ধান্ত মোতাবেক বাসটার্মিনালের ইজারা বাতিল করা হয়। এদিকে ইজারা বাতিলের সংবাদে যমুনা টেলিভিশন ও স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যানবাহন চালক ও সাধারণ মানুষ।
ইজারার শর্ত ভঙ্গের বিবরণ
উল্লেখ্য চলতি বছরের ১৪ এপ্রিল থেকে আগামী এক বছরের জন্য ১৬ লাখ ৫৫ হাজার টাকায় সিংড়া বাস টার্মিনাল ইজারা দেয় পৌরসভা কর্তৃপক্ষ। ইজারায় নির্দিষ্ট স্থান থেকে টোল আদায়ে দেয়া হয় ১৬ টি শর্ত। কিন্তু ইজারাদার যুবদল নেতা হমায়ুন কবির ইজারার শর্ত ভঙ্গ করে বিভিন্ন যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় করছিল।



