দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৫৯টি টিভি চ্যানেল, ১৪৩৬টি দৈনিক পত্রিকা এবং ৪৭৪টি অনলাইন নিউজ পোর্টাল রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার (২২ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিনে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য প্রকাশ করেন।
টিভি চ্যানেলের সংখ্যা ও সম্প্রচার অবস্থা
মন্ত্রী জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন টিভি চ্যানেলের সংখ্যা ৪টি এবং অনাপত্তি প্রদানকৃত বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা ৫৫টি। বর্তমানে রাষ্ট্রীয় মালিকানাধীন ৪টি চ্যানেলসহ মোট ৩৯টি চ্যানেল সম্প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অর্থাৎ, অনুমোদিত বেসরকারি চ্যানেলের মধ্যে ৩৫টি সম্প্রচারে রয়েছে।
দৈনিক পত্রিকার সংখ্যা ও বিভাজন
সারা বাংলাদেশ থেকে বর্তমানে প্রকাশিত দৈনিক পত্রিকার সংখ্যা ১৪৩৬টি। এর মধ্যে ঢাকা থেকে প্রকাশিত ৫৯৩টি এবং অন্যান্য জেলা থেকে প্রকাশিত ৮৪৩টি।
অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ও ক্যাটাগরি
নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ৪৭৪টি। এর মধ্যে অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে ২৮২টি, দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে ১৩১টি এবং অনলাইন নিউজ পোর্টাল (আঞ্চলিক) ক্যাটাগরিতে ৬১টি রয়েছে।
সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সভাপতিত্ব করেন এবং লিখিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করেন। দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন তার প্রশ্নে বর্তমানে বাংলাদেশের প্রাইভেট টিভি চ্যানেল, দৈনিক পত্রিকা ও অনলাইন পত্রিকার সংখ্যা জানতে চেয়েছিলেন।



