জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, দেশ থেকে পুরোপুরি দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়, তবে সরকার তা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হবে। তিনি বৃহস্পতিবার (১৪ মে) দুপুর দেড়টার দিকে বরগুনা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর ভূমিকা ও দুষ্টচক্রের অপতৎপরতা
চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিভাজনের রাজনীতি বন্ধ করেছেন; কিন্তু কিছু মানুষ দেশের ক্ষতি সাধনের চেষ্টা করছে। তারা কৃত্রিম জ্বালানি সংকট সৃষ্টি করে জনভোগান্তি তৈরির চেষ্টা করেছিল, তবে সেই চেষ্টা সফল হয়নি। তিনি আরও বলেন, সমাজকে ক্ষতিগ্রস্ত করা এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য কিছু দুষ্টচক্র নানা অপপ্রচার চালাচ্ছে। চেতনাকে বিক্রি করতে গিয়ে আজ আমরা নিজেদেরই বিক্রি করে দিয়েছি।
উপকূলবিষয়ক মন্ত্রণালয় ও অর্থনীতিতে পরিবর্তন
চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, উপকূলবিষয়ক মন্ত্রণালয় গঠন করা গেলে দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন আনা সম্ভব। তিনি এলাকার উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, এলাকার প্রশাসন নিজেদের দায়িত্ব নিয়ে কাজ করলে উন্নয়ন সম্ভব। প্রধানমন্ত্রী শতাধিক উদ্যোগ হাতে নিয়েছেন।
বরগুনাকে মডেল জেলা করার প্রত্যয়
তিনি বরগুনাকে একটি মডেল জেলায় রূপান্তরের প্রত্যয়ও ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন- বরগুনা-১ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হোসাইন ওয়ালিউল্লাহ, বরগুনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তার, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) স্বজল চন্দ্র শীল, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল আমিন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেজবুল কবিরসহ জেলা ও উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।



