ফিফা বিশ্বকাপ থেকে বিদায়ের পর ঘানার কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন কার্লোস কুইরোজ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নিজের সিদ্ধান্তের কথা জানান ৭৩ বছর বয়সি পর্তুগিজ কোচ।
কুইরোজের ঘানায় যোগদান ও বিশ্বকাপ অভিযান
এপ্রিলে স্বল্পমেয়াদি চুক্তিতে ঘানার দায়িত্ব নেন কুইরোজ। মার্চের আন্তর্জাতিক বিরতির পর অটো আদ্দোকে সরিয়ে তাকে নিযুক্ত করে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন। তার অধীনে গ্রুপ পর্ব পেরিয়ে শেষ ষোলোয় ওঠে ব্ল্যাক স্টারস। তবে সেখানে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শেষ হয় তাদের।
বিদায়ী বার্তায় কুইরোজ
বিদায়ী বার্তায় কুইরোজ লেখেন, ‘ঘানার উদ্দেশ্যে বলতে চাই—জীবন আর ফুটবল আমাদের একটি চিরন্তন শিক্ষাই দেয়; এখানে হয় আপনি জিতবেন, না হয় কিছু শিখবেন। আমি গর্ব নিয়েই এই সফর শেষ করছি, তবে মনে সেই অতৃপ্তিটুকুও রয়ে গেছে যা মানুষকে আরও বড় কিছুর দিকে তাগিদ দেয়। একটি উচ্চতায় পৌঁছানোই কখনো শেষ গন্তব্য হওয়া উচিত নয়, বরং তা হওয়া উচিত আরও বড় কোনো স্বপ্নের শুরু।’
তিনি আরও বলেন, ‘ব্ল্যাক স্টার্সের ভবিষ্যৎ শুধু মাঠের খেলার ওপর নির্ভর করে না। মাঠের বাইরে থেকেই এই সাফল্যের ভিত্তি গড়তে হবে। ঘানার অসাধারণ ফুটবল প্রতিভাদের তৈরি করতে, তাদের আগলে রাখতে এবং সঠিক বিকাশের জন্য সেরা পরিবেশ নিশ্চিত করাই আসল কাজ।’
ঘানার নকআউট পর্বে ওঠা ও কুইরোজের রেকর্ড
বিশ্বকাপে কুইরোজের অধীনে নকআউট পর্ব নিশ্চিত করে ঘানা। ২০১০ সালের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছিল আফ্রিকার দেশটি। শেষ ষোলোয় কলম্বিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে হেরে যায় ঘানা। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল আন্তর্জাতিক ফুটবলে কুইরোজের ২৬৫তম ম্যাচ। আন্তর্জাতিক পর্যায়ে এর চেয়ে বেশি ম্যাচে কোচিং করিয়েছেন মাত্র দুজন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি জিতেছেন ১৪২টি ম্যাচ।
চুক্তি নবায়নের সম্ভাবনা ও পদত্যাগ
টুর্নামেন্ট চলাকালে কুইরোজের চুক্তি নবায়নের সম্ভাবনার কথাও শোনা গিয়েছিল। এমনকি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ঘানার দায়িত্বে থাকার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। তবে শেষ পর্যন্ত বিদায়ের পথই বেছে নিলেন অভিজ্ঞ এই কোচ।
বিবৃতির শেষ অংশে কুইরোজ ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন, খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘খেলোয়াড় ও স্টাফদের সাহস, প্রতিশ্রুতি এবং নিষ্ঠার জন্য আমি কৃতজ্ঞ। সমর্থকদের বলতে চাই, হয়তো আমরা কাঙ্ক্ষিত ফল পাইনি, কিন্তু বিশ্বমঞ্চে ঘানার সম্মান ও বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে পেরেছি।’
ঘানার নতুন কোচের সন্ধান
সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া ২০২৭ আফ্রিকা কাপ অব নেশনস বাছাইপর্বের আগে নতুন কোচ খুঁজতে হবে ঘানাকে।



