দেশের সব মাদ্রাসায় দৈনিক সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। সোমবার (৬ জুলাই ২০২৬) অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
নির্দেশনার বিবরণ
চিঠিতে বলা হয়, বর্তমান সরকার দেশের তৃণমূল পর্যায়ে ও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াচর্চার সম্প্রসারণে বদ্ধপরিকর। তরুণ-যুবসমাজ গঠন ও তারুণ্যের শক্তিনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দৈনিক সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন করা আবশ্যক।
শিক্ষকদের দায়িত্ব
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব মাদ্রাসার শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষকেরা তাঁদের মাদ্রাসায় দৈনিক সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজনপূর্বক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করবেন।
শূন্য পদ পূরণের নির্দেশ
যেসব মাদ্রাসায় সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) পদ রয়েছে, সেগুলোয় কর্মরত শিক্ষকদের মধ্য থেকে উপযুক্ত ও খেলাধুলায় পারদর্শী কোনো শিক্ষককে সাময়িকভাবে ওই দায়িত্ব পালনের জন্য প্রতিষ্ঠানপ্রধানকে দায়িত্ব প্রদান করতে বলা হয়েছে। একই সঙ্গে ওই শূন্য পদ পূরণের লক্ষ্যে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।



