ইবির নতুন ভিসি অধ্যাপক মতিনুর রহমান
ইবির নতুন ভিসি অধ্যাপক মতিনুর রহমান

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান। বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিয়োগের শর্তাবলি

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ (সংশোধিত-২০১০)’ এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমানকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো। শর্ত অনুযায়ী, উপাচার্য হিসেবে তার মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৪ বছর। তবে এর মধ্যে তার অবসরের বয়সসীমা চলে এলে যেটি আগে ঘটবে, সেই অনুযায়ী মেয়াদ নির্ধারিত হবে। তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসেই অবস্থান করতে হবে। তবে চ্যান্সেলর চাইলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

অধ্যাপক মতিনুর রহমানের পরিচিতি

অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’-এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং ইউট্যাবের কার্যনির্বাহী সদস্য। তিনি ইবিতে দীর্ঘ কর্মজীবনে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং শিক্ষক সমিতির সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (সাস্ট) শিক্ষকতা করেছেন এই প্রথিতযশা একাডেমিক। এছাড়া তিনি ইবির প্রক্টর ও সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট হিসেবেও সফলভাবে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৫ আগস্টের ছাত্র-জনতার গণ-আন্দোলনের আগে স্বৈরাচারবিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে পরিচিত ড. মতিনুর টেলিভিশন টকশোতেও একজন নিয়মিত মুখ। অ্যাকাডেমিক ক্ষেত্রেও তার রয়েছে দারুণ অবদান; দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে তার ৩৪টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি নেপাল, ভারত, সুইডেন, চীন ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়েছেন।

প্রশাসনিক পরিবর্তনের ধারাবাহিকতা

গত বছরের জুলাই-পরবর্তী সময়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনে পরিবর্তনের হাওয়া লাগলে শুরু থেকেই ইবির ভিসি হিসেবে ড. মতিনুর রহমানের নাম জোরালো আলোচনায় ছিল। অবশেষে প্রজ্ঞাপন জারির মাধ্যমে সেই গুঞ্জনের অবসান হলো।

এদিকে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগের পর এখন সবার নজর উপ-উপাচার্য (প্রো-ভিসি) ও কোষাধ্যক্ষ (ট্রেজারার) পদের দিকে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, কোষাধ্যক্ষ পদে দা‘ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী এবং উপ-উপাচার্য পদে অধ্যাপক ড. এ. এস. এম. শরফরাজ নওয়াজের নাম বিভিন্ন মহলে জোর আলোচনায় রয়েছে। শিগগিরই এই পদগুলোতেও প্রজ্ঞাপন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।