ভারতের দেশের শিক্ষা ব্যবস্থাকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার (৩০ মে) তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার নিজেকে ‘বিশ্বগুরু’ বলে দাবি করলেও দেশের একটি পরীক্ষাও সঠিকভাবে সম্পন্ন করতে পারছে না। ভারতের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
সিইউইটি পরীক্ষায় কারিগরি ত্রুটি
শনিবার ভারতজুড়ে স্নাতক ডিগ্রি প্রোগ্রামে ভর্তির জন্য আয়োজিত সিইউইটি-ইউজি ২০২৬ পরীক্ষা কয়েকটি কেন্দ্রে কারিগরি ত্রুটির কারণে বিলম্বিত হওয়ার পর ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এক বিবৃতি দেয়। এনটিএ-এর এই বিবৃতির পরই রাহুল গান্ধী সরকারের তীব্র সমালোচনা করেন।
প্রতিবেদন অনুযায়ী, সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজ্যের পরীক্ষা কেন্দ্রগুলোতে কারিগরি জটিলতার কারণে পরীক্ষাটি প্রায় দুই ঘণ্টা পিছিয়ে যায়। কম্পিউটার-ভিত্তিক এই সিইউইটি পরীক্ষা পরিচালনাকারী সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই কারিগরি ত্রুটির জন্য টাটা কনসালটেন্সি সার্ভিসেসকে (টিসিএস) দায়ী করেছে। সংস্থাটি জানায়, এই সমস্যার কারণেই নির্দিষ্ট কিছু কেন্দ্রে সিইউইটি-ইউজি ২০২৬ পরীক্ষা শুরু হতে দেরি হয়েছে।
রাহুল গান্ধীর প্রতিক্রিয়া
এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হিন্দিতে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, নিট, সিবিএসই, এসএসসি এবং আজ সিইউইটি। চারটি পরীক্ষা। এক কোটি শিক্ষার্থী। একটি পরীক্ষাও সুষ্ঠুভাবে আয়োজন করা যায়নি।
প্রধানমন্ত্রীর ওপর আক্রমণ বজায় রেখে লোকসভার এই বিরোধীদলীয় নেতা বলেন, নিজেকে ‘বিশ্বগুরু’ দাবি করা হচ্ছে, অথচ দেশের ভেতরে একটি পরীক্ষাও সঠিকভাবে নিতে পারছে না, মোদি জি পুরো শিক্ষা ব্যবস্থাটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছেন। তিনি আরও বলেন, যে প্রজন্মের ভবিষ্যৎ আপনি নষ্ট করছেন সেই প্রজন্মই একদিন আপনার জবাবদিহি নিশ্চিত করবে।
এর আগে শুক্রবার রাহুল গান্ধী বলেছিলেন, সিবিএসই বিপর্যয়ের বিষয়ে নরেন্দ্র মোদির নীরবতা এবং শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়া এটাই প্রমাণ করে যে, তিনি লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যতের চেয়ে কেবল নিজের সরকারের টিকে থাকার বিষয়েই বেশি চিন্তিত।



