শ্রীপুরে আওয়ামী লীগের কর্মীকে বিএনপি দাবি, পুলিশের জিম্মায় ছাড়
শ্রীপুরে আওয়ামী লীগ কর্মীকে বিএনপি দাবি, পুলিশের জিম্মায় ছাড়

পুলিশের বিশেষ অভিযানে আটক

গাজীপুরের শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অরাজকতা ঠেকাতে পুলিশের বিশেষ অভিযানে আটক হয়েছিলেন লোকমান হোসেন (৫৫)। আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের ছবি এবং দলীয় কমিটিতে তার নামের তালিকা দেখে তাকে আটক করা হয়।

বিএনপির দাবি ও মুক্তি

তবে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব দাবি করেছেন লোকমান হোসেন তাদের দলের কর্মী। পরে থানা থেকে তাকে ছাড়িয়ে নিয়ে যান তারা। লোকমান হোসেন শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কেওয়া দক্ষিণখণ্ড গ্রামের বাসিন্দা। রবিবার রাতে তাকে আটক করে শ্রীপুর থানা পুলিশ। সোমবার দুপুরে তাকে শ্রীপুর থানা থেকে উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল মোতালেব ও সদস্যসচিব খাইরুল কবির মণ্ডল আজাদের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।

পুলিশের বক্তব্য

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে সম্ভাব্য অরাজকতা ঠেকাতে রবিবার রাতে বিশেষ অভিযান চালানো হয়। লোকমান হোসেনের আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের ছবি এবং দলীয় কমিটিতে তার নামের তালিকা পুলিশের কাছে ছিল। তাই তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ওসি শাহীনুর আলম জানান, সোমবার দুপুরে উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল মোতালেব ও সদস্যসচিব খাইরুল কবির মণ্ডল আজাদসহ বিএনপির নেতারা থানায় এসে লোকমানকে তাদের কর্মী দাবি করেন। বিএনপির বিভিন্ন কর্মসূচির ছবি ও ফেস্টুন দেখিয়েছেন। পরে যাচাই-বাছাই করে বিএনপির নেতাদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। জিম্মা সংক্রান্ত কাগজে বিএনপির নেতারা স্বাক্ষর করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিএনপি নেতাদের বক্তব্য

এ বিষয়ে শ্রীপুর উপজেলা বিএনপির সদস্যসচিব খাইরুল কবির মণ্ডল আজাদ বলেন, ‘লোকমান হোসেন গণঅভ্যুত্থানের পর আমাদের এমপি মহোদয়ের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেছেন। সংসদ নির্বাচনে তিনি আমাদের পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কেন্দ্র কমিটির সদস্যসচিব ছিলেন। কে বা কারা তার আগের ছবি দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে প্রশাসনকে ও আমাদের বিভ্রান্ত করেছেন। তিনি বিএনপির লোক। তবে আওয়ামী লীগের কমিটিতে তার নাম থাকার বিষয়টি আমরা জানতাম না।’

একই ধরনের বক্তব্য দিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব বলেন, লোকমান এখন বিএনপির কর্মী। তিনি গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করেছেন। একটি মহল বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে বিভ্রান্তিকর তথ্য দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে।

আওয়ামী লীগের বক্তব্য

এদিকে পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, লোকমান হোসেন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের গ্রাম কমিটির সহসভপতি। কমিটি গঠনের তালিকায় তার নামের ও আওয়ামী লীগের বিভিন্ন দিবসে পোস্টার ফেসবুকে ছড়িয়ে পড়েছে।