রাজশাহী মহানগরীতে পারিবারিক কলহের জেরে ছেলের হামলায় রেজাউল করিম (৬০) নামের এক অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রাকিবুল করিম (২৭) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তরের (মাস্টার্স) শিক্ষার্থী।
ঘটনার বিবরণ
সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর মেহেরচণ্ডি কড়ইতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। রেজাউল করিম পাবনার ঈশ্বরদী উপজেলার নওদাপাড়া গ্রামের মৃত ইদ্রিস প্রামাণিকের ছেলে। তিনি একটি বেসরকারি মহিলা মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
পুলিশের বরাত
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, সোমবার সকাল থেকেই মা-বাবা ও ছেলে রাকিবুলের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বাকবিতণ্ডা চলছিল। একপর্যায়ে কথাকাটাকাটির জেরে ছেলে রাকিবুল চরম উত্তেজিত হয়ে পড়ে এবং ঘরে থাকা একটি ভারী মুগুর দিয়ে তার বাবা রেজাউল করিমের মাথায় সজোরে আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে রেজাউল করিমের মৃত্যু হয়।
পলাতক অভিযুক্ত
তিনি আরও জানান, বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর অভিযুক্ত রাকিবুল করিম দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আইনি প্রক্রিয়া
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে দ্রুত গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



