যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কামাল, ঠাকুরগাঁওয়ে আনন্দ মিছিল
যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কামাল আনোয়ার

বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ। বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় কমিটি অনুমোদন

এর আগে বুধবার আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়। কামাল আনোয়ারের নতুন এ দায়িত্ব পাওয়ার খবরে সংসদীয় আসন ঠাকুরগাঁও-৩ (রাণীশংকৈল-পীরগঞ্জ) নির্বাচনি এলাকার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেছেন আনন্দিত নেতাকর্মীরা।

আনন্দ মিছিল

বৃহস্পতিবার বিকালে রাণীশংকৈল উপজেলা যুবদলের উদ্যোগে পৌর শহরের ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। তৃণমূল থেকে উঠে আসা কামাল আনোয়ার আহাম্মদ ছাত্রদলের রাজনীতি দিয়ে পথচলা শুরু করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি একাধিকবার মামলা, গ্রেফতার ও কারাবরণের শিকার হন। দলের প্রতি ত্যাগ ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই তাকে কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় নম্বর সহ-সভাপতি করা হয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিক্রিয়া

নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় কামাল আনোয়ার আহাম্মদ বলেন, আমাকে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। দলের আদর্শ বুকে ধারণ করে আমৃত্যু জনগণের জন্য কাজ করে যাব বলে তিনি অঙ্গীকার করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ