টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ তুলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ তাকে আটক করে থানা হেফাজতে নেয়। রোববার (৩ মে) সকালে হেমনগর ইউনিয়নের ছোট শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে স্কুলটির পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ তুলে ওই ছাত্রীর মা জুতা ও ঝাড়ু নিয়ে প্রধান শিক্ষক রেজাউল হান্নানের অফিসে ঢুকে পেটাতে থাকেন। এক পর্যায়ে প্রধান শিক্ষক কৌশলে স্কুল থেকে পালিয়ে যান।
গ্রামবাসীর প্রতিক্রিয়া
প্রধান শিক্ষক পালিয়ে গেলে গ্রামবাসীরা স্কুল ঘেরাও করে এবং তার শাস্তির দাবি জানাতে থাকেন। স্কুলের সহকারী শিক্ষিকা পারভীন আখতার জানান, স্কুল ভবনের চিলেকোঠায় এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ তুলে প্রধান শিক্ষককে মারধর করা হয়। গ্রামবাসীরা স্কুলে তালা লাগানোর চেষ্টা করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পুলিশের ব্যবস্থা
গোপালপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, যৌন নির্যাতনের অভিযোগে স্কুলে গোলযোগের খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের পর ওই স্কুল ছাত্রী ও তার অভিভাবককে থানায় নিয়ে আসা হয়। বিকেলে প্রধান শিক্ষককে আটক করা হয়েছে। তাকে থানা হাজতে রাখা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগের ধরন অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।



