পাবনা সদর আসনের সংসদ-সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের বিরুদ্ধে মিথ্যাচার ও কটূক্তির প্রতিবাদে মানববন্ধন করেছে জাসাসসহ বিভিন্ন সংগঠন। শনিবার দুপুরে শহরের আব্দুল হামিদ সড়কে পাবনা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা
জেলা জাসাসের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর আলোকচিত্রী খালেদ হোসেন পরাগের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন জাসাসের সদস্য সচিব আব্দুল মান্নান ভূইয়া, পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এসএম আদনান উদ্দিন, সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও সাবেক সমন্বয়ক ইউসুফ আরফান বিপ্লব, পাবনা সদর পৌর জাসাসের আহ্বায়ক সিরাজুল ইসলাম হীরা, সদর উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুুম তরুণ, আটঘড়িয়া উপজেলা জাসাসের সদস্য সচিব ফয়সাল আবুজার, পৌর জাসাসের সদস্য সকিব উদ্দিন, সরকারি বুলবুল কলেজ জাসাসের আহ্বায়ক সিরাজুল ইসলাম প্রমুখ।
এনসিপি নেতার বক্তব্যের প্রতিবাদ
বৃহস্পতিবার চাটমোহরে এনসিপির পদযাত্রায় পাবনা সদর আসনের সংসদ-সদস্য শিমুল বিশ্বাসের বিরুদ্ধে কটূক্তি ও মিথ্যাচারমূলক বিতর্কিত বক্তব্য দেন এনসিপির বিতর্কিত নেতা সরওয়ার তুষার। মানববন্ধনে বক্তারা এনসিপির বিতর্কিত ওই নেতার বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান। বক্তারা বলেন, প্রধান বিরোধীদল জামায়াতের নেতাকর্মীদের মদদ ও হিংসাত্মক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন সরওয়ার তুষার। পাবনার মাটি থেকে এনসিপির রাজনীতি অবাঞ্ছিত ঘোষণা করা হলো।



