এরদোয়ানের রিভলবার উপহারে ধাঁধায় ন্যাটো নেতারা, কেউ কেউ দিলেন পুলিশে
এরদোয়ানের রিভলবার উপহারে ধাঁধায় ন্যাটো নেতারা

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সম্প্রতি আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্বনেতাদের একটি ব্যতিক্রমী উপহার দিয়েছেন: প্রতিটি প্রাপকের নাম খোদাই করা একটি রিভলবার এবং ছয়টি তাজা গুলি। এই উপহার পেয়ে নেতারা ধাঁধায় পড়ে যান এবং নিরাপত্তাকর্মীদের জন্য এটি একটি ‘উদ্ভট’ পরিস্থিতির সৃষ্টি করে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রথম প্রকাশ

৭ ও ৮ জুলাই আঙ্কারায় দুই দিনের ন্যাটো সম্মেলন শেষে ফেরার পথে উড়োজাহাজে বসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রথম এ বিষয়ে মুখ খোলেন। তিনি জানান, তিনি এবং অন্য নেতারা একটি করে রিভলবার উপহার পেয়েছেন, যার গায়ে প্রত্যেকের নাম খোদাই করা আছে। কালো আস্তরণ দেওয়া একটি লাল বাক্সে রাখা ছিল প্রতিটি রিভলবার, যার সঙ্গে ছয়টি তাজা গুলি এবং একটি চিরকুট ছিল, যেখানে লেখা ছিল এই অস্ত্রের ক্ষেত্রে রপ্তানি নিয়ন্ত্রণ আইন প্রযোজ্য হবে না।

বিভিন্ন নেতার প্রতিক্রিয়া

হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার মাজিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে লিখেছেন, ‘ন্যাটো সম্মেলনে প্রেসিডেন্ট এরদোয়ানের কাছ থেকে একটি ব্যতিক্রমী উপহার পেলাম। আমার নাম খোদাই করা একটি ম্যাগনাম রিভলবার। সঙ্গে গুলিও আছে।’ বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার নিজ দেশে অবতরণের পরই উপহারটির ‘প্রকৃত ধরন’ সম্পর্কে জানতে পারেন। দেশটির একজন কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী এই উপহার দেখে অবাক হন এবং তাৎক্ষণিকভাবে এটি বিমানবন্দর পুলিশের হাতে তুলে দেন, যাতে তারা এটি একটি নিরাপদ সিন্দুকে রাখে এবং যথাযথ নিয়ম অনুযায়ী এর সুরাহা করে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইইউ শীর্ষ কর্মকর্তাদের উপহার

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ কর্মকর্তা উরসুলা ভন ডার লেন এবং আন্তোনিও কস্তাও এই উপহার পান। তাঁদের রিভলবারগুলো সামলানোর দায়িত্ব পড়েছিল ওয়েভারের নিরাপত্তা দলের ওপর। ভন ডার লেনের মুখপাত্র জানিয়েছেন, এই উপহারের জন্য এরদোয়ানকে ‘ধন্যবাদ’ জানিয়েছেন ইইউ প্রধান। মুখপাত্র আরও জানান, অস্ত্রটি অকেজো করে ফেলা হবে এবং পরে সেটি একটি সামরিক জাদুঘরে দান করা হবে।

পোল্যান্ডের সতর্কতা

পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নাওরোকিকে দেওয়া রিভলবারটি নিরাপদে সে দেশে পৌঁছেছে, তবে প্রয়োজনীয় সব সতর্কতা মেনে চলা হয়েছে। কারণ, ২০২২ সালের ডিসেম্বরে পোল্যান্ডের পুলিশপ্রধান ইউক্রেন থেকে উপহার হিসেবে আনা একটি ট্যাংকবিধ্বংসী গ্রেনেড লঞ্চার তাঁর কার্যালয়ে বিস্ফোরিত হলে তিনি সামান্য আহত হন এবং পুলিশ সদর দপ্তরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই ঘটনার কথা মাথায় রেখে নাওরোকির একজন সহযোগী স্থানীয় একটি রেডিও স্টেশনকে বলেন, ‘অন্তত এটুকু নিশ্চিত যে এবার কেউ এটি দিয়ে গুলি ছুড়তে যাচ্ছে না।’

পরিবহন জটিলতা

প্রচলিত আইন অনুযায়ী, এক দেশ থেকে আরেক দেশে আগ্নেয়াস্ত্র পরিবহন করা মোটেও সহজ নয়, বিশেষ করে অস্ত্রটি সম্পূর্ণ সচল হলে জটিলতা আরও বাড়ে। উপহার পাওয়া বেশ কয়েকটি রিভলবার আপাতত তুরস্কের রাজধানীতেই রেখে দেওয়া হয়েছে, যার মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেনের রিভলবারও রয়েছে। ন্যাটো জোটের কর্মকর্তারা জানান, এটি অন্ততপক্ষে অবাক করা একটি উপহার, যা বিভিন্ন প্রতিনিধিদলের নিরাপত্তাকর্মীদের রীতিমতো ‘উদ্ভট’ এক পরিস্থিতির মুখে ফেলে দেয়।