পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ভোট, মমতা-শুভেন্দু ডুয়েল
পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ভোট, মমতা-শুভেন্দু ডুয়েল

আজ বুধবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ৭ জেলায় ১৪২ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই দফায় ভাগ্য নির্ধারিত হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ পশ্চিমবঙ্গের ডা. শশী পাঁজা, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসসহ আরো একাধিক মন্ত্রীর।

ভবানীপুর কেন্দ্রে ডুয়েল

এই দফার অন্যতম আকর্ষণ কলকাতার ভবানীপুর কেন্দ্র, যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে। উল্লেখ্য, নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ভবানীপুর কেন্দ্র থেকেও লড়ছেন শুভেন্দু অধিকারী।

ভোটার সংখ্যা ও ফলাফল

২৯৪ আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল জানা যাবে ৪ মে দুপুরের পর থেকে। ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ হয়েছিল। এই দফায় ৩ কোটি ২২ লাখেরও বেশি ভোটার ভোটদান করবেন। এদের মধ্যে ১০০ বছরের বেশি বয়সি ভোটার রয়েছেন ৩ হাজার ২৪৩ জন। নির্বাচন কমিশন বাড়ি থেকে লোক পাঠিয়ে তাদের ভোটগ্রহণ নিশ্চিত করেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রচার শেষ, বিশ্লেষণ শুরু

প্রচার শেষ হয়েছে সোমবার সন্ধ্যায়। এখন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিরোধী দল বিজেপি, সিপিএম, কংগ্রেস সব দলই নির্বাচনী বিশ্লেষণে ব্যস্ত। প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ হয়েছে। তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষই দাবি করেছে ১২৫ আসন পাবে।

দলগুলোর দাবি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচনি জনসভায় বলেছেন, প্রথম দফায় ১০০ আসন পার করেছি। দ্বিতীয় দফায় আরো অন্তত ১০০ আসন পাব। অন্যদিকে, বিজেপি প্রত্যয়ী। তাদের অন্দর মহলের বিশ্লেষণ অনুযায়ী, তারা ১৬০ থেকে ১৭০ আসন পেয়ে ক্ষমতায় আসবে। বাস্তবে কী হবে? তা অনেকটাই নির্ভর করছে দ্বিতীয় দফায় কত ভোট পড়ে তার ওপর।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রথম দফায় ভোটের হার

প্রথম দফায় পশ্চিমবঙ্গে ৯৩ শতাংশেরও বেশি ভোট পড়েছে বলে ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে। তারা আশা করছে দ্বিতীয় দফায়ও একই রকম ভোটের হার হতে পারে। বিজেপির দাবি, বেশি ভোট মানে প্রতিষ্ঠান বিরোধী। ফলে তৃণমূলের সরকারের পতন হবেই। পাল্টা তৃণমূল কংগ্রেস বলছে, এই ভোট ভোটার তালিকা সংশোধনে জনগণের হয়রানির প্রতিবাদ। বিজেপি এবারে কোনো মতেই ৪০ থেকে ৪৫ এর বেশি আসন পাবে না। বাস্তবে কী হবে? তার অনেকটাই নির্ভর করছে দ্বিতীয় দফায় ভোটদানের ওপর।

ভোটার তালিকা বিতর্ক

পশ্চিমবঙ্গে ২৭ লাখেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছিল। তাদের ট্রাইব্যুনালে পাঠানো হয়েছিল। প্রথম দফায় ট্রাইবুনাল ১৩৯ জনের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তির নির্দেশ দেয়। গতকাল মঙ্গলবার ট্রাইব্যুনাল দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে। সেই তালিকা অনুযায়ী আরো ১ হাজার ৪৬৮ জনের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এরা আজ বুধবার ভোটদান করতে পারবেন।