ভারতের ভিসা কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তনের আশা পররাষ্ট্রমন্ত্রীর
ভারতের ভিসা কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তনের আশা

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতীয় সংসদে আশা প্রকাশ করেছেন যে, বাংলাদেশিদের জন্য ভারতের ভিসাপ্রদান কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। মঙ্গলবার সংসদে কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর

বিকেল তিনটায় স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচি অনুযায়ী মৌখিক উত্তরের জন্য প্রশ্ন টেবিলে উত্থাপিত হয়। সংসদ সদস্য শেখ মজিবুর রহমান পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেন, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক কেমন, বিদ্যমান সম্পর্ক উন্নয়নে সরকারের কোনো উদ্যোগ আছে কি না, ভারত সরকার বাংলাদেশিদের জন্য ভ্রমণ বা ব্যবসায়িক ভিসা প্রদান বন্ধ রেখেছে কি না এবং ভিসাপ্রাপ্তি সহজতর করার জন্য সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেছে কি না।

পররাষ্ট্রমন্ত্রীর জবাব

জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, বাংলাদেশিদের জন্য ভারতের ভিসাপ্রদান কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশা করা যাচ্ছে। তিনি তাঁর সাম্প্রতিক ভারত সফরের কথা উল্লেখ করে বলেন, এই সফরের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রদান স্বাভাবিক করার জন্য ভারতকে আহ্বান জানানো হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতের সঙ্গে সার্বভৌম সমতা, ন্যায্যতা, পারস্পরিক সম্মান, আস্থা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ