প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান স্পষ্টভাবে জানিয়েছেন, সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের বদলির সঙ্গে কোনো মাজার ইস্যু জড়িত নয়। মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
প্রশাসনের ব্যাখ্যা ও অনুমান নিয়ে সতর্কতা
উপদেষ্টা বলেন, “আপনি সিলেটের ডিসিকে ট্রান্সফার করার কথা বলছেন এবং সেখানে একটা মাজারে তার একটা পদক্ষেপকে রিলেট করার কথা বলছেন। এটা কেউ কেউ করছেন অনলাইনে। এটাকে আমরা এভাবে কেন বলবো? মানে ঘটনাটা এটার পরে ঘটেছে বলেই এই ধরনের একটা পারসেপশন তৈরির চেষ্টা হয়তো আছে।” তিনি আরও উল্লেখ করেন, জনপ্রশাসন মন্ত্রণালয় ইতিমধ্যে এ বিষয়ে বিবৃতি দিয়েছে, যার বাইরে কিছু বলার নেই।
গোষ্ঠী ও সামাজিক মাধ্যমের ভূমিকা
তিনি বলেন, “একটা গোষ্ঠীও আছে যারা এটাকে এভাবে ফ্রেম করতে চেষ্টা করছে, সরকারের ট্রান্সপারেন্সি যেমন থাকবে সরকার তার জুডিসডিকশনের মধ্যে করা কিছু কাজ সবসময় আসলে তার জায়গা থেকে ব্যাখ্যাও দেবে না। এটাই নিয়ম। কিছু রাষ্ট্রীয় গোপনীয়তা থাকতে পারে। আর এই ব্যাপারে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বিবৃতি দেওয়া হয়েছে। এর বেশি আসলে আর কিছু বলার থাকবে না। কারণ স্পেকুলেশন নানান রকম করতে পারে।”
স্বচ্ছতা ও মাজারের দানের টাকা
উপদেষ্টা আরও বলেন, “আমরা যখন যাই করি, যাই ঘটাই না কেন, নানান স্পেকুলেশন করতে থাকে। আমাদের সোশ্যাল মিডিয়াতে নানান রকম ইন্টারেস্ট গ্রুপ আছে। আর সরকারের বক্তব্য যেটা, সেটাই আপাতত এখানে বলবৎ থাকবে এবং আমি মনে করি না— এই ধরনের (মাজার) কোনো ইস্যু আছে।” মাজারের দানের টাকার স্বচ্ছতা নিয়ে সরকারও দ্বিমত করবে না বলেও তিনি জানান।



