গোপনে বিয়ে, স্ত্রীকে দিয়ে ডেকে নিয়ে যুবক হত্যা: মামলার প্রস্তুতি
গোপনে বিয়ে, স্ত্রীকে দিয়ে ডেকে নিয়ে যুবক হত্যা: মামলা

মৌলভীবাজারের বড়লেখায় প্রেমের সম্পর্কের জেরে গোপন বিয়ের বলি হলেন মো. সুফিয়ান আহমদ (২৪) নামে এক যুবক। স্ত্রীকে দিয়ে তাকে ডেকে নিয়ে নির্যাতন করে হত্যার পর মুখে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে মেয়েটির পরিবারের বিরুদ্ধে। নিহতের বাবা ইসলাম উদ্দিন এই অভিযোগ করেছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুফিয়ানের মৃত্যু হয়। শুক্রবার সকালে সিলেট কোতোয়ালি থানা পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে দুপুরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

ঘটনার বিবরণ

নিহত সুফিয়ান আহমদ বড়লেখা উপজেলার গল্লাসাঙ্গন গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। উপজেলার সদর ইউনিয়নের রাঙাউটি গ্রামের আব্দুল করিমের মেয়ে লিজা বেগমের (২২) সঙ্গে তার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। চলতি বছরের ২৮ এপ্রিল এফিডেভিটের মাধ্যমে তারা বিয়ে করেন। বিয়ের বিষয়টি উভয় পরিবারে গোপন রাখা হয় এবং লিজা বেগম বাবার বাড়িতেই অবস্থান করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সম্প্রতি লিজার পরিবার গোপন বিয়ের বিষয়টি জানতে পেরে সুফিয়ানের ওপর ক্ষিপ্ত হয়। ২৭ জুন রাতে লিজাকে দিয়ে ফোন করিয়ে তাকে তাদের বাড়িতে নেওয়া হয়। সেখানে গেলে লিজার পরিবারের লোকজন তার ওপর নির্যাতন চালায় এবং একপর্যায়ে মুখে বিষ ঢেলে দেয়।

হাসপাতালে ভর্তি ও মৃত্যু

বিষক্রিয়ায় আহত জানিয়ে তাকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন ২৮ জুন স্বজনরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

নিহতের বাবা ইসলাম উদ্দিন বলেন, ‘পরিকল্পিতভাবে আমার ছেলেকে ডেকে নিয়ে নির্যাতনে হত্যার পর মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছে। দাফন সম্পন্ন করে এ ব্যাপারে থানায় হত্যা মামলা করব।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

সিলেট কোতোয়ালি থানার এসআই বিপুল দাস জানান, শুক্রবার সকালে লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগে ময়নাতদন্ত শেষে দুপুরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।

এ ঘটনায় বড়লেখা থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।