বিড়ালের অস্বাভাবিক ডাকে ধরা পড়ল অজগরের ছানা, বনে অবমুক্ত
বিড়ালের ডাকে ধরা পড়ল অজগরের ছানা, বনে অবমুক্ত

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানসংলগ্ন ত্রিপুরা পল্লির একটি বসতঘরে অজগর সাপের ছানা ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে গৃহপালিত একটি বিড়ালের অস্বাভাবিক ডাকাডাকির কারণেই সাপটির উপস্থিতি ধরা পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করে শুক্রবার (৩ জুলাই) সকালে সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

বিড়ালের আচরণে সন্দেহ

স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রিপুরা পল্লির হেডম্যান চিত্তদেব বর্মার বসতঘরে বৃহস্পতিবার গভীর রাতে কোনো এক সময় অজগরের ছানাটি ঢুকে পড়ে। রাতের অন্ধকারে পরিবারের কেউ বিষয়টি বুঝতে পারেননি। তবে ঘরের পোষা বিড়ালটি একটানা ডাকাডাকি ও অস্বাভাবিক আচরণ করতে থাকলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়।

চিত্তদেব বর্মা জানান, বিড়ালের আচরণ দেখে ঘুম থেকে উঠে মোবাইল ফোনের টর্চ জ্বালিয়ে ঘর তল্লাশি করেন। এ সময় ঘরের এক কোণে অজগরের ছানাটি দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় সাপটিকে কোনো ধরনের ক্ষতি না করে নিরাপদে আটক করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বনে অবমুক্ত

শুক্রবার সকালে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের পরামর্শে অজগরের ছানাটি সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মেহেদী হাসান বলেন, সাতছড়ি জাতীয় উদ্যানে বর্তমানে অজগরসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর সংখ্যা বেড়েছে। কয়েক বছর আগে উদ্ধার করা কয়েকটি অজগর এ উদ্যানে অবমুক্ত করা হয়েছিল। সেগুলো এখন প্রাকৃতিক পরিবেশে বংশবিস্তার করছে।

বন বিভাগের আহ্বান

তিনি আরও বলেন, অজগর বিষধর নয় এবং এটি বনাঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কোনো বন্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করলে আতঙ্কিত না হয়ে বা প্রাণীটিকে আঘাত না করে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ