রাজধানীর যাত্রাবাড়ী থেকে উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার সন্দেহে গ্রেফতার হওয়া শাহ আমানত সাবির ও হোসাইন তানিমকে দুই দফায় ৬ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (১১ জুলাই) তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন যাত্রাবাড়ী থানার ইন্সপেক্টর এ বি সিদ্দিক। আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই মাসুম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারের ঘটনা
এর আগে গত রবিবার (৫ জুলাই) ভোর সাড়ে ৬টায় যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকা থেকে শাহ আমানত সাবির, হোসাইন তানিম, জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান এবং বায়োজিতকে গ্রেফতার করে পুলিশ। উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত এমন সন্দেহে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাদের গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। তবে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড ও কারাগার
বুধবার (৮ জুলাই) রিমান্ড শেষে তাদের ফের আদালতে হাজির করা হয়। এদিন সাবির ও তানিমের সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও অপর চার আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আদালত সাবির ও তানিমের তিন দিনের রিমান্ডের আদেশ দেন। অপর চার আসামিকে কারাগারে পাঠানো হয়। আজ সাবির ও তানিমকেও রিমান্ড শেষে কারাগারে পাঠানো হলো।
আরেক গ্রেফতার
এদিকে বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৯টার দিকে যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে উগ্রবাদী সংগঠন ‘ফাতাহ কমব্যাট সিস্টেম-এফসিএস’-এর সক্রিয় সদস্য সন্দেহে তাহসীন ইসলামকে গ্রেফতার করা হয়। তাকেও ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার (১০ জুলাই) সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। তবে আদালত রিমান্ড আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।



