সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকায় অজ্ঞাত একটি বাস যাত্রীবাহী মিশুককে পেছন থেকে ধাক্কা দিলে মিশুকের যাত্রী মা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হন। মিশুকের অপর দুই যাত্রী ও চালক আহত হন।
নিহতদের পরিচয়
নিহত যাত্রী গৃহবধূ নাম নীলা বেগম (২৫)। তবে তার ৩ বছরের নিহত ছেলের নাম জানা যায়নি। নীলা কামারখন্দ উপজেলার নুরনগর গ্রামের বিপ্লব হোসেনের স্ত্রী। দুর্ঘটনায় মিশুকযাত্রী বিপ্লবও আহত হয়েছেন। অপর আহতদের নাম জানা যায়নি। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের বক্তব্য
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, ঘটনার সময় ঢাকা অভিমুখে দ্রুতগতিতে যাওয়া একটি অজ্ঞাত বাস পেছন থেকে মিশুককে চাপা দেয়। মিশুকটি যাত্রীদের নিয়ে কামারখন্দের দিকে যাচ্ছিল। বর্তমানে নিহত নীলা ও তার শিশু সন্তানের লাশ হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে। ঘাতক বাসটির অনুসন্ধান করছে পুলিশ।



