আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ সোমবার জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী হাছান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আগামীকাল মঙ্গলবার আদেশ দেওয়ার দিন ধার্য করেছেন।
অভিযোগ অব্যাহতি আবেদন শেষ
মামলার আনুষ্ঠানিক অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আসামিদের আবেদন আজ শেষ হয়েছে। এরপর ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন ধার্য করেন।
তিনটি অভিযোগ
২২ আসামির বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে মো. ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যা করা; দ্বিতীয় অভিযোগ ১৮ জুলাই তানভীর সিদ্দিকী, মো. সাইমন ও হৃদয় চন্দ্রকে হত্যা করা এবং তৃতীয় অভিযোগে শতাধিক মানুষকে গুরুতর আহত করার কথা উল্লেখ রয়েছে।
আনিসুল-সালমানের মামলায় জেরা
অপরদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে করা মামলার নবম সাক্ষী আতিকুর রহমানকে জেরা করা হয়েছে। আতিকুর সিআইডিতে উপপরিদর্শক হিসেবে কর্মরত আছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ সোমবার আতিকুর রহমানকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।
আসামিরা কারাগারে
এই মামলার আসামি আনিসুল হক ও সালমান এফ রহমান কারাগারে আছেন। আজ তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।



