জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে মৌখিক পরীক্ষা দিতে গিয়ে চারজন আটক হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করে। আটকদের রাজধানীর শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক ব্যক্তিরা কারা?
আটকরা হলেন- মো. মোমিনুল ইসলাম মৃদুল, মো. সোহেল রানা, মো. রোমান ও মামুন মিয়া। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পরীক্ষার পটভূমি
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়কের শূন্য পদে জনবল নিয়োগের জন্য গত ১৯ জুন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ১০৭ জন প্রার্থী নির্বাচিত হন। মৌখিক পরীক্ষার জন্য ২৪, ২৫ ও ২৮ জুন তারিখ নির্ধারণ করা হয়।
ঘটনার বিবরণ
২৫ জুন মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত ৩৬ জন প্রার্থীর মধ্যে ৩০ জন অংশগ্রহণ করেন। পরীক্ষায় অংশ নেওয়া ৩০ জনের মধ্যে চারজন প্রার্থী মৌখিক পরীক্ষায় আশানুরূপ পারদর্শিতা দেখাতে ব্যর্থ হন। এছাড়া তাদের লিখিত পরীক্ষার উত্তরপত্রের হাতের লেখার সঙ্গেও মিল পাওয়া যায়নি।
প্রক্সি স্বীকার
জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, তারা লিখিত পরীক্ষায় অংশ না নিয়ে অন্য ব্যক্তিদের প্রক্সি প্রদানের মাধ্যমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। তাদের লিখিত দোষ স্বীকারোক্তির ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।



