স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল শাখার উপপরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফীর সাংবাদিকদের নিয়ে করা মন্তব্যের নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট।
মন্তব্যের প্রতিবাদে বিবৃতি
বৃহস্পতিবার (২৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক আকতার হোসেন ও সদস্য সচিব শেখ জামাল বলেন, সাংবাদিকদের হাসপাতালের টয়লেট ও বাথরুম পরিষ্কারের দায়িত্ব দেওয়ার মতো মন্তব্য চরম অবমাননাকর। এটি সাংবাদিকতা পেশার প্রতি গভীর অসম্মানের বহিঃপ্রকাশ।
গণমাধ্যমের ভূমিকা প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা
তারা বলেন, ‘সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের প্রতিক্রিয়ায় এই ধরনের মন্তব্য শুধু সাংবাদিক সমাজকে হেয়প্রতিপন্ন করেনি, গণমাধ্যমের স্বাধীন ও দায়িত্বশীল ভূমিকাকেও প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করেছে।’ বিবৃতিতে এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
ফেসবুক স্ট্যাটাসের ঘটনা
উল্লেখ্য, গত ২৪ জুন ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী লিখেছিলেন, তথ্য মন্ত্রণালয় ও তাদের অধীন সাংবাদিকদের বাংলাদেশের ৬০০ জেলা ও উপজেলা হাসপাতালের বাথরুম, টয়লেটসহ হাসপাতাল ভবনের অভ্যন্তরীণ পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব দেওয়া উচিত।



