জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে এক সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশ আইনজীবী অধিকার রক্ষা পরিষদ’ নামে আইনজীবীদের একটি নতুন সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। সংগঠনটির মূল লক্ষ্য আইনজীবীদের অধিকার ও পেশাগত মান রক্ষা করা।
প্রতিষ্ঠা সভা ও কমিটি গঠন
সংবাদ সম্মেলনের আগে একই হলে প্রতিষ্ঠা সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসেন রশিদকে সংগঠনের চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হেলাল উদ্দিনকে মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
সভায় বক্তব্য
প্রতিষ্ঠা সভা সঞ্চালনায় ছিলেন মহাসচিব আইনজীবী মো. হেলাল উদ্দিন। অন্যদের মধ্যে সাবেক বিচারপতি এমদাদুল হক আজাদ, যুগ্ম মহসচিব কাজী রুবায়েত হাসান এবং বিভিন্ন জেলা আইনজীবী সমিতি থেকে আসা প্রতিনিধিরা বক্তব্য দেন। আইনজীবী প্রতিনিধিরা বলেন, রাজনীতি আইনজীবীরা করবেন, তবে নিজের ক্যারিয়ার ও লুটপাটের জন্য ব্যবহার করা যাবে না। রাজনীতি থাকবে রাজপথে; আদালতে এসে সবাই আইনজীবী। কিন্তু এই বোধ আইনজীবীদের মধ্যে নেই, যার কারণে আইনজীবীকে হাতে হ্যান্ডকাফ পরিয়ে প্রিজন ভ্যানে তোলা হয়। আইনজীবীদের মর্যাদা ও সম্মান রক্ষা করতে হবে।
চেয়ারম্যানের বক্তব্য
সভায় জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসেন রশিদ বলেন, ‘আজকে আমাদের সমাজের যে ব্যবস্থা, এটা এই পর্যায়ে কেন গেছে? কারণ, হচ্ছে রুগ্ণ রাজনীতি। ওই রুগ্ণ রাজনীতির আঁচড় সবখানে।…ন্যূনতম যতটা রক্ষা করা যায়, সেটা করার চেষ্টা করব। সবকিছু হয়তো পারব না।’
সংবাদ সম্মেলনে ঘোষণা
প্রতিষ্ঠা সভা শেষে সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যানের বক্তব্য পাঠ করেন ভাইস চেয়ারম্যান আবদুর রহমান জাহাঙ্গীর। তিনি বলেন, ‘আজ বাংলাদেশ আইনজীবী অধিকার রক্ষা পরিষদ নামে আইনজীবীদের একটি নতুন সংগঠন গঠনের ঘোষণা করতে যাচ্ছি। প্রধান উদ্দেশ্য হলো আইনজীবীদের অধিকার ও পেশাগত মান রক্ষা করা।…বারগুলো (আইনজীবী সমিতিগুলো) ও বার কাউন্সিলকে রাজনীতিকরণের অবসান ঘটাতে হবে।’



