আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার একটি স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এবং বিচারকদের আইন প্রণয়ন, বদলি কিংবা পদায়নে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই। শুক্রবার (৮ মে) খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নবীন আইনজীবীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিচার ব্যবস্থার স্বাধীনতা প্রসঙ্গে
মন্ত্রী বলেন, আমরা চাই বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন হোক। প্রভাবমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠা করা গেলে দেশে ন্যায়বিচার নিশ্চিত হবে। তিনি আরও বলেন, অতীতের রাজনৈতিক পরিস্থিতি থেকে দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বহু মানুষকে জীবন দিতে হয়েছে, আহত হতে হয়েছে এবং কারাভোগ করতে হয়েছে। বর্তমান সরকার সেই অবস্থা থেকে উত্তরণ চায়।
আইনজীবীদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ
আইনমন্ত্রী বারের উন্নয়ন এবং বিচারক-আইনজীবীদের পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আইনজীবীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের বিকল্প নেই। এ লক্ষ্যে ব্রিটিশ একটি প্রতিষ্ঠানের সহযোগিতায় দেশের সব জেলা বারে শিগগিরই প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হবে।
নবীন আইনজীবীদের প্রতি আহ্বান
নবীন আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারকে আরও শক্তিশালী করতে বিচারালয়কে মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। এজন্য আইনজীবীদের সততা, নিষ্ঠা ও পেশাগত মান উন্নয়নের পাশাপাশি অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।



