দেশে গত ২৪ ঘণ্টায় হামের মতো উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম নিশ্চিত ও সন্দেহভাজন ৮৩৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) থেকে প্রকাশিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২৪ ঘণ্টার হাম পরিস্থিতি
প্রতিবেদন অনুযায়ী, সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের মতো উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামে কোনো মৃত্যু নেই। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরিতে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১০১ জন এবং সন্দেহভাজন ৭৩২ জন। এ নিয়ে মোট নতুন আক্রান্ত ৮৩৩ জন।
মার্চ থেকে মোট মৃত্যু ও আক্রান্ত
১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের মতো উপসর্গে মোট ৬৩৮ শিশুর মৃত্যু হয়েছে। হাম নিশ্চিত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের। সব মিলিয়ে এই প্রাদুর্ভাবে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৭৩১ জনে।
হাসপাতালে ভর্তি ও চিকিৎসা
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭০৪ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ৬৭৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম আক্রান্ত ১ লাখ ৪ হাজার ৬৯৩ জন এবং ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া রোগী ১২ হাজার ৫২৬ জন। এর মধ্যে ৮৭ হাজার ৯৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৮৪ হাজার ২১৮ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।



