পুরান ঢাকার চকবাজারে হাজি আবুল বাশার মার্কেটে অগ্নিকাণ্ড, ৬ ইউনিটের ১ ঘণ্টা ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
পুরান ঢাকার চকবাজারে মার্কেটে অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে

পুরান ঢাকার চকবাজারের হাজি আবুল বাশার সুপার মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণের বিস্তারিত

আগুন নিয়ন্ত্রণের পর শনিবার (৪ জুলাই) বিকালে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান সাংবাদিকদের বলেন, আগুনের খবর পাওয়ার পর প্রথমে আমাদের দুটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট এসে তাদের সঙ্গে যুক্ত হয়। ছয়টি ইউনিটের ১ ঘণ্টা ৪৫ মিনিটের চেষ্টায় বিকাল সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ভবনের অবকাঠামোগত সমস্যা

তিনি জানান, ভবনটিতে মাত্র একটি সিঁড়ি রয়েছে, যা মাত্র দুই ফুট চওড়া। এছাড়া ভেতরের দোকানগুলোর শাটারের তালা খুলতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেশ বেগ পেতে হয়েছে এবং সময় লেগেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আগুন দ্রুত ছড়ানোর কারণ

তিনি বলেন, মার্কেটের গুদামগুলোতে প্লাস্টিক, ছাতা ও ইলেকট্রিক মালামাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। আশপাশের মার্কেটে যেন আগুন নতুন করে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য এখনও কাজ অব্যাহত রাখা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থার অভাব

ঝুঁকিপূর্ণ ভবনটিতে কোনও ধরনের আগুন নির্বাপণ ব্যবস্থা ছিল না বলে জানিয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বর্তমানে ঘটনাস্থলে ডাম্পিংয়ের (আগুন পুরোপুরি নির্বাপণ) কাজ চলছে। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ