জুলাই শহীদের পিতাকে হুমকি: জাবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ
জুলাই শহীদের পিতাকে হুমকি: জাবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। জুলাই শহীদের পিতাকে হুমকি ও দোকান দখলের চেষ্টার অভিযোগের ঘটনায় এ নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

কেন্দ্রীয় ছাত্রদলের নোটিশ

বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নোটিশ পাওয়া তিন নেতা হলেন- জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজা এবং সদস্য মো. জাহিদ হাসান ও এসএম তানিম হাসান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শোকজপ্রাপ্ত নেতাদের বক্তব্য

এ বিষয়ে শোকজপ্রাপ্ত যুগ্ম-আহ্বায়ক মো. সেলিম রেজা বলেন, "কিছুদিন আগে জুলাই শহীদের পিতাকে হুমকি এবং দোকান দখলের অভিযোগের ঘটনায় আমি আমার অবস্থান সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিষ্কার করেছি। এ ঘটনায় আমার সম্পৃক্ততা নেই। শোকজপ্রাপ্ত বাকী দুজন এ ঘটনায় অভিযুক্তও নয়। তবুও কেন কেন্দ্র থেকে এটা দিল আমি জানি না, আমি হতাশ। আমি দুঃসময়ে রাজনীতি করেছি। আমি কখনোই দলকে কলঙ্কিত করতে পারিনা। কেন্দ্র যেহেতু ডেকেছে আমি গিয়ে অবস্থান পরিষ্কার করব।"

মো. এসএম তানিম হাসান বলেন, "আমি শোকজের কারণ জানি না। আমাকে অবগত করা হয়নি।"

মো. জাহিদ হাসান বলেন, "সেলিম রেজা ভাইয়ের যে বিষয়ে নিউজ হয়েছিল আমি ওই ঘটনা জানতামই না। নিউজ হওয়ার পর জেনেছি। আমি সংগঠনবিরোধী কোনো ঘটনায় জড়িত নই। দল থেকে যেহেতু কারণ দর্শাতে বলা হয়েছে সেহেতু আমি দলীয় দায়িত্ব পালনের জন্য কেন্দ্রে গিয়ে অবস্থান পরিষ্কার করব।"

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য অভিযোগ

উল্লেখ্য, শোকজপ্রাপ্ত যুগ্ম-আহ্বায়ক সেলিম রেজার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক কার্ট আটকে রাখা ও কার্ট চালককে মারধর করার অভিযোগ আছে। এটিও শোকজের অন্যতম কারণ হতে পারে বলে জানিয়েছেন শাখা ছাত্রদলের একাধিক নেতা।