নারায়ণগঞ্জে ছিনতাইয়ের অভিযোগ তদন্ত করতে গিয়ে টহল পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা পুলিশের একটি শর্টগান ছিনতাই করে নেয়। পরে শুক্রবার (১ মে) ভোর ৬টা ১৫ মিনিটে ঘটনাস্থলের পাশের একটি বেলগাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় শর্টগানটি উদ্ধার করা হয়।
ঘটনার বিবরণ
উপজেলার পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকার হাবিব নগর রোডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বন্দর থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে অভিযান চালানো হয়। চার ঘণ্টা পর অস্ত্র উদ্ধার এবং সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) (নিরস্ত্র) মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ টহল ডিউটিতে ছিলেন। এ সময় সিফাত ওরফে টুটুল (২৮), শাহারিয়া তানভীর (২৯) ও আবু সুফিয়ান ওরফে চমক (২৯) নামে তিন ব্যক্তি তাদের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ করেন।
হামলা ও ছিনতাই
অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল হাবিব নগর রোডের গুলু মিয়ার বাড়িতে প্রাথমিক তদন্তে গেলে সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া ১৪ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে দুর্বৃত্তরা কনস্টেবলের কাছে থাকা সরকারি শর্টগান ছিনিয়ে নেয়।
পরবর্তী ব্যবস্থা
খবর পেয়ে থানা ও ফাঁড়ির অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। গুরুতর আহত কনস্টেবল ফয়সাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে পাঠানো হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ছিনতাই হওয়া অস্ত্রটি সকালে উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।



