চ্যাটজিপিটি ব্যবহারের কৌশল শিখুন এআই দিয়েই
চ্যাটজিপিটি ব্যবহারের কৌশল শিখুন এআই দিয়েই

মডেল: ইতিছবি: প্রথম আলো

এআই দিয়ে এআই শেখা

মাছের তেলে মাছ ভাজার মতো এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি শেখা যাচ্ছে এআই দিয়েই। চ্যাটজিপিটি এখন কেবল একটি সাধারণ চ্যাটবট নয়, এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে এক দক্ষ ব্যক্তিগত সহকারী। তবে দুঃখজনক হলেও সত্য, বেশির ভাগ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কিংবা করপোরেট পেশাজীবীরা একে কেবল সাধারণ তথ্য খোঁজা বা ই–মেইল ড্রাফট করার মতো প্রাথমিক কাজেই সীমাবদ্ধ রাখেন। চ্যাটজিপিটির আসল ক্ষমতা লুকিয়ে আছে এর সঠিক প্রম্পটিং বা নির্দেশনার কৌশলের মধ্যে। আর এই কৌশলগুলো শেখার জন্য কোনো দামি কোর্স করার প্রয়োজন নেই। চ্যাটজিপিটিকে সঠিক প্রশ্ন করে একজন ব্যবহারকারী চ্যাটজিপিটির কাছ থেকে এর সর্বোচ্চ ব্যবহারের কৌশল বা প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিখুঁতভাবে শিখে নিতে পারেন।

ভাষার ব্যবহার শিখুন

অনেকেই মনে করেন, এআই ব্যবহারের জন্য ইংরেজি ভালো করে জানতে হবে। এটি একটি ভুল ধারণা। শুরুর দিকে এআই প্রধানত ইংরেজিনির্ভর থাকলেও বর্তমানে আধুনিক এআই মডেল চ্যাটজিপিটি, ক্লড বা জেমিনাই বাংলা ভাষা সাবলীলভাবে বুঝতে ও লিখতে পারে। তাই এআই ব্যবহারের জন্য ইংরেজি জানা মোটেও বাধ্যতামূলক নয়। আসল দক্ষতা হলো প্রম্পটিং বা চিন্তার স্পষ্টতা। আপনি নিজের মাতৃভাষায় এআইকে যত স্পষ্ট, বিস্তারিত ও গোছানো নির্দেশনা দিতে পারবেন, এআই ঠিক ততটাই চমৎকার আউটপুট দেবে। নিজের মনের ভাব ও কাজের লক্ষ্য পরিষ্কার থাকলে শুধু বাংলা ভাষা ব্যবহার করেই এআইয়ের মাধ্যমে ক্যারিয়ার ও পড়াশোনায় শতভাগ সফল হওয়া সম্ভব।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ক্লাসের কাজের জন্য এআই ব্যবহার

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট তৈরি, গবেষণার রূপরেখা সাজানো কিংবা কঠিন কোনো একাডেমিক তত্ত্ব সহজ ভাষায় বোঝা প্রতিদিনের কাজের অংশ। একজন শিক্ষার্থী চ্যাটজিপিটি ব্যবহারের সেরা কৌশল জানতে একে সরাসরি বলতে পারেন, ‘আমি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। আমার অ্যাকাউন্টিংয়ের জটিল থিওরিগুলো সহজে বুঝতে এবং রিসার্চ পেপারের জন্য লিটারেচার রিভিউ লিখতে তোমার সাহায্য চাই। তোমাকে কীভাবে নির্দেশ বা প্রম্পট দিলে তুমি আমাকে সবচেয়ে নির্ভুল ও গোছানো উত্তর দিতে পারবে, তার ৫টি উদাহরণসহ গাইডলাইন দাও।’ এই একটি প্রশ্ন চ্যাটজিপিটিকে শিক্ষার্থীর জন্য একজন দক্ষ একাডেমিক মেন্টরে রূপান্তর করবে। চ্যাটজিপিটি তখন নিজেই শিখিয়ে দেবে কীভাবে তাকে রোল প্লে করাতে হয় বা নির্দিষ্ট রেফারেন্স ধরে ডেটা অ্যানালাইসিস করাতে হয়।

কাজের জন্য এআই ব্যবহার

করপোরেট পেশাজীবীদের কাজের ক্ষেত্র সম্পূর্ণ ভিন্ন। তাঁদের প্রতিনিয়ত ব্যবসায়িক প্রস্তাবনা, ডেটা বিশ্লেষণ, ‘মিটিং মিনিটস’ বা সভার সারাংশ তৈরি এবং গ্রাহকদের জন্য স্ট্র্যাটেজি সাজাতে হয়। একজন পেশাজীবী চ্যাটজিপিটিকে আরও কার্যকরভাবে ব্যবহারের জন্য প্রম্পট দিতে পারেন, ‘আমি একজন করপোরেট কমিউনিকেশন ম্যানেজার। আমার দৈনিক ই–মেইল রাইটিং, মার্কেট রিসার্চ এবং ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি তৈরির কাজে তোমাকে শতভাগ কার্যকরভাবে ব্যবহার করতে চাই। আমাকে প্রম্পট লেখার এমন একটি ফ্রেমওয়ার্ক দাও, যা আমার কাজের গতি দ্বিগুণ করে দেবে।’ চ্যাটজিপিটি তখন পেশাজীবীকে কনটেক্সট-টাস্ক-ইনস্ট্রাকশন নামের মডেলের মতো উন্নত ফ্রেমওয়ার্ক শিখিয়ে দেবে, যার ফলে করপোরেট কর্মীরা নিখুঁত ব্যবসায়িক কনটেন্ট তৈরি করে নিতে পারবেন।

চ্যাটজিপিটিকে দক্ষ করে তুলুন

চ্যাটজিপিটির কাছ থেকেই এর ব্যবহারের কৌশল শেখার অন্যতম সেরা উপায় হলো মেটা-প্রম্পটিং বা চ্যাটজিপিটিকে দিয়ে প্রম্পট তৈরি করিয়ে নেওয়া। আপনি যে কাজটি করতে চান, তা চ্যাটজিপিটিকে জানিয়ে তাকে দিয়েই প্রম্পট লেখাতে পারেন। যেমন- ‘আমি একটি নতুন বিজনেস প্রজেক্টের প্রেজেন্টেশন বানাব। এই কাজের জন্য সেরা আউটপুট পেতে চ্যাটজিপিটিকে কী প্রম্পট দেওয়া উচিত, তুমিই আমাকে সেই প্রম্পটটি লিখে দাও।’ এর মাধ্যমে ব্যবহারকারী নিজেই বুঝতে পারবেন, কীভাবে একটি নিখুঁত প্রম্পট তৈরি হয়। এ ছাড়া চ্যাটজিপিটিকে কোনো কাজ দেওয়ার পর সরাসরি জিজ্ঞেস করা যায়, এই উত্তরটিকে আরও প্রফেশনাল বা তথ্যবহুল করতে আমি আমার প্রম্পটে আর কী কী তথ্য যোগ করতে পারতাম? এই রিভার্স লার্নিং বা উল্টো শেখার পদ্ধতি ব্যবহারকারীকে দ্রুত প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ে দক্ষ করে তোলে।

এই পরামর্শ কিন্তু শুধু চ্যাটজিপিটির ক্ষেত্রেই প্রযোজ্য নয়, গুগল জেমিনাই বা ক্লডের ক্ষেত্রেও একই কৌশল কাজে লাগাতে পারেন।