রাজধানীতে ঝুম বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্ভোগ, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
রাজধানীতে ঝুম বৃষ্টি, জলাবদ্ধতা, নদীবন্দরে সতর্ক সংকেত

রোববার (১২ জুলাই) ভোর থেকেই রাজধানী ঢাকায় ঝুম বৃষ্টি শুরু হয়েছে। এতে করে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে নগরবাসীর যাতায়াতে বিঘ্ন ঘটছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুর পর্যন্ত এমন বৃষ্টি ঝরতে পারে।

৬ ঘণ্টার পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তর সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে। এ সময়ে ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

নদীবন্দরে সতর্ক সংকেত

ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের ঝুঁকি

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের বিশেষ সতর্কবার্তায় বলা হয়, ভারতের মধ্য উত্তর প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপ এবং উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে ১১ থেকে ১২ জুলাই পর্যন্ত কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। গাণিতিক মডেলের পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে এসব জেলায় মোট ১০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের উচ্চ ঝুঁকির সতর্কতা বহাল রয়েছে।

তাপমাত্রা অপরিবর্তিত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ