ডিজিটাল প্রতারণার ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় অপরিচিত ব্যক্তিদের সঙ্গে কথোপকথন শুরুর আগে ব্যবহারকারীদের সতর্ক করতে নতুন নিরাপত্তাসুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ। প্রতারকেরা কখনো সরকারি কর্মকর্তা, কখনো প্রতিষ্ঠানের প্রতিনিধি, আবার কখনো পরিচিত ব্যক্তির পরিচয় ব্যবহার করে ব্যবহারকারীদের ফাঁদে ফেলে।
নতুন সুবিধা কীভাবে কাজ করবে
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউ আ বেটা ইনফোর তথ্যমতে, নতুন সুবিধাটি অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মের জন্য চালু হবে। ব্যবহারকারী আগে কখনো যোগাযোগ করেননি এমন নম্বরে চ্যাট শুরু করতে গেলে স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা দেখবেন। সতর্কবার্তায় নম্বরটি কোন দেশে নিবন্ধিত, পরিচিত তালিকায় আছে কি না এবং দুই পক্ষের অভিন্ন গ্রুপ আছে কি না, তা জানা যাবে। তথ্য দেখে ব্যবহারকারী চাইলে কথোপকথন চালিয়ে যেতে বা বন্ধ করতে পারবেন। অপর পক্ষ সতর্কবার্তা সম্পর্কে কিছুই জানতে পারবে না।
প্রতারণা প্রতিরোধে গুরুত্বপূর্ণ পরিবর্তন
বর্তমানে হোয়াটসঅ্যাপের বেশির ভাগ নিরাপত্তাব্যবস্থা কথোপকথন শুরুর পর সক্রিয় হয়। নতুন সুবিধা চ্যাট শুরুর আগেই সতর্ক করে, যা প্রতারকদের কৌশল নস্যাৎ করতে সহায়ক। প্রতারকেরা সাধারণত অপরিচিত নম্বর থেকে সন্দেহাতীত বার্তা পাঠায়, যেমন পুরোনো নম্বর পরিবর্তন করে নতুন নম্বর ব্যবহারের দাবি বা পরিচয় নিশ্চিতের অজুহাত। ব্যবহারকারী যখন বুঝে ওঠার চেষ্টা করেন, তখন প্রতারকেরা বিশ্বাস অর্জনের সুযোগ পায়। নতুন সতর্কবার্তা সেই মুহূর্তে থেমে যাচাইয়ের সুযোগ দেয়। উদাহরণস্বরূপ, নম্বরটি অন্য দেশে নিবন্ধিত হলে সেটি স্পষ্ট উল্লেখ থাকবে।
সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা
সব অপরিচিত নম্বর যে প্রতারণার সঙ্গে জড়িত, তা নয়। পরিচিত কেউ নতুন নম্বর ব্যবহার শুরু করলেও একই ধরনের সতর্কবার্তা দেখা যাবে। কোন পরিস্থিতিতে সতর্কবার্তা দেখানো হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি হোয়াটসঅ্যাপ। সূত্র: ইন্ডিয়া টুডে।



