শেয়ারবাজারে ভালো কোম্পানির শেয়ারে শিগগিরই ডে নেটিং সুবিধা চালু করা হবে। এই সুবিধা চালু হলে বিনিয়োগকারীরা একই দিনে শেয়ার কেনাবেচা করতে পারবেন। আজ বৃহস্পতিবার সকালে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত এক টক শোতে এ পরিকল্পনার কথা জানান পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
ভালো কোম্পানির শেয়ারে ডে নেটিং
বিএসইসি চেয়ারম্যান বলেন, সম্প্রতি ব্রোকারেজ হাউস মালিকদের সংগঠনের পক্ষ থেকে ডে নেটিং সুবিধা চালুর প্রস্তাব করা হয়। তবে বর্তমান বাস্তবতায় সব শেয়ারে এই সুবিধা চালু করা সম্ভব নয়। তাই আপাতত ভালো মানের কোম্পানির ক্ষেত্রে এই সুবিধা চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। শুরুতে এটি ভালো মানের ৩০ কোম্পানির ক্ষেত্রে কার্যকর হতে পারে।
লেনদেন নিষ্পত্তির সময় কমছে
বিএসইসি চেয়ারম্যান আরও জানান, সার্বিকভাবে শেয়ারবাজারে লেনদেন নিষ্পত্তির সময় কমিয়ে দুদিনের মধ্যে নামিয়ে আনার কাজ চলছে। এই সুবিধা চালু হলে বিনিয়োগকারীরা যেদিন শেয়ার কিনবেন, তার পরদিনই বিক্রির সুযোগ পাবেন।
সরাসরি তালিকাভুক্তি সুবিধা চালু
শেয়ারবাজারে ভালো ও নতুন কোম্পানি আনতে দ্রুত সরাসরি তালিকাভুক্তির সুবিধা চালু করা হবে। এই সুবিধা সবার জন্য উন্মুক্ত থাকবে। আগ্রহী কোম্পানিগুলো এই সুবিধার আওতায় তালিকাভুক্তির আবেদন করতে পারবে। সেখান থেকে ভালো মানের কোম্পানিগুলোকে দ্রুত তালিকাভুক্তির অনুমোদন দেওয়া হবে। শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে এই উদ্যোগ নিচ্ছে বর্তমান কমিশন।
উচ্চ আদালতে আলাদা বেঞ্চের উদ্যোগ
শেয়ারবাজারের অনিয়ম ও দুর্নীতির শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করতে দেশের উচ্চ আদালতে আলাদা বেঞ্চ করার বিষয়ে বিএসইসির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে। বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান বলেন, ‘বর্তমানে আমরা কারসাজির ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নিলে তার বিরুদ্ধে অভিযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান উচ্চ আদালতের শরণাপন্ন হন। তাই শেয়ারবাজার–সংশ্লিষ্ট বিষয়ে উচ্চ আদালতে বেঞ্চ করার উদ্যোগের কথা ভাবা হচ্ছে।’
এআইনির্ভর তদারকি ব্যবস্থা
শেয়ারবাজারের কারসাজি রোধে এক বছরের মধ্যে এআইনির্ভর সার্ভেইল্যান্স বা তদারকি ব্যবস্থা চালু করা হবে বলে জানান বিএসইসি চেয়ারম্যান। তিনি বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জকে এরই মধ্যে এই নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি শেয়ারবাজারের অনিয়ম, দুর্নীতি ও কারসাজির ঘটনায় দেওয়ানি মামলার পরিবর্তে ফৌজদারি মামলা করার বিষয়টি বিবেচনা করছে বিএসইসি।
সিএমজেএফ টকে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মনির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএমজেএফ সাধারণ সম্পাদক আহসান হাবিব।



