এপ্রিল মাসের প্রথম ২২ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৪১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই সময়ে দৈনিক গড়ে দেশে এসেছে প্রায় ১০ কোটি ১৯ লাখ ডলার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন।
বছর ব্যবধানে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ
গত বছরের এপ্রিলের প্রথম ২২ দিনে রেমিট্যান্স এসেছিল ২০৫ কোটি ৩০ লাখ ডলার। চলতি বছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ২৪১ কোটি ৭০ লাখ ডলারে, যা বছর ব্যবধানে উল্লেখযোগ্য বৃদ্ধি নির্দেশ করে।
চলতি অর্থবছরের জুলাই থেকে ২২ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৮৬২ কোটি ৬০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০.১০ শতাংশ বেশি।
মার্চ মাসে ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স
গত মার্চ মাসে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে যেকোনো এক মাসের সর্বোচ্চ। ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।
ডিসেম্বর, নভেম্বর, অক্টোবর ও সেপ্টেম্বর মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল যথাক্রমে ৩২২ কোটি ৬৭ লাখ, ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার, ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আগস্ট ও জুলাই মাসে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড রেমিট্যান্স
গত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০.৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।



