টানা বৃষ্টিতে রাজধানী জলাবদ্ধ, অফিসগামী-পরীক্ষার্থীদের ভোগান্তি
টানা বৃষ্টিতে রাজধানী জলাবদ্ধ, অফিসগামীদের ভোগান্তি

টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও হাঁটু, কোথাও কোমরসমান পানি জমে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এর মধ্যে বৃষ্টির কারণে সড়কে গণপরিবহনের সংখ্যাও কমে গেছে। ফলে সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও এইচএসসি পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

জলাবদ্ধ এলাকা ও যান চলাচলে প্রতিবন্ধকতা

রবিবার (১২ জুলাই) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে। শনিবার রাত থেকে টানা বৃষ্টিতে মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট, মোহাম্মদপুর, ইসিবি চত্বর, মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, আগারগাঁও-জাহাঙ্গীর গেট সংযোগ সড়ক, খামারবাড়ি-ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাকস্ট্যান্ড এলাকা, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর-১৩, কালশী, হাতিরঝিলের কিছু অংশ, কালাচাঁদপুর ও বারিধারা সংযোগ সড়কসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

জলাবদ্ধতার কারণে অনেক সড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করেছে। অনেক এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশাও নামেনি। এতে গণপরিবহনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অফিসগামী ও পরীক্ষার্থীদের দুর্ভোগ

সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা আব্দুস সালাম বলেন, ‘রামপুরার বাসা থেকে বের হয়েই রাস্তায় পানি পাই। এরপর দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষা করতে হয়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসে আসতে অনেক কষ্ট হয়েছে।’

তিনি বলেন, ‘রামপুরা থেকে আবুল হোটেল পর্যন্ত রাস্তার অবস্থা মোটামুটি ভালো ছিল। তবে মৌচাক থেকে কাকরাইল পর্যন্ত সড়কে অনেক পানি জমে ছিল।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ট্রাফিক ও আবহাওয়ার তথ্য

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘এই এলাকায় কোথাও কোথাও সড়কে পানি জমে গেছে। এতে করে যানবাহন চলাচলের সমস্যা হলেও বড় কোনো যানজট নেই। আর আমাদের ট্রাফিকের সদস্যারা তারা তাদের নিয়মিত ডিউটি পালন করে যাচ্ছেন। এখন পর্যন্ত কোথাও কোনও সমস্যা হয়নি।’

এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র ৩ ঘণ্টায় ঢাকায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় রাজধানীতে ৯৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস ও সতর্কতা

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি অব্যাহত থাকবে। রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে। এতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং কোথাও কোথাও ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।