পাবনার বেড়ায় প্রাথমিক বিদ্যালয়ে ছত্রাকযুক্ত পাউরুটি বিতরণের অভিযোগ
পাবনার বেড়ায় প্রাথমিক বিদ্যালয়ে ছত্রাকযুক্ত পাউরুটি বিতরণ

পাবনার বেড়া উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফিডিং কর্মসূচির আওতায় ছত্রাকযুক্ত (ফাংগাস) পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। শনিবার (২০ জুন) ৫নং নতুন ভারেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা পাউরুটিতে কালো দাগ ও ছত্রাকের চিহ্ন পাওয়া যায় বলে অভিযোগ করেন অভিভাবকরা।

অভিভাবকের অভিযোগ

সরেজমিনে জানা যায়, চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর বাবা বিল্লাল হোসেন প্রথমে ছত্রাকযুক্ত পাউরুটি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোক্তার হোসেনের কাছে অভিযোগ করেন। পরে আরও একাধিক অভিভাবক একই অভিযোগ জানান। অভিভাবকদের অভিযোগ, দায়িত্বশীল শিক্ষকদের উপস্থিতিতে এমন খাবার বিতরণ হওয়া অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। তারা প্রশ্ন তোলেন, এই ধরনের পাউরুটি খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হলে দায় কে নেবে।

ফিডিং কর্মসূচির বিবরণ

জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় গণশিক্ষা মন্ত্রণালয় দেশের ১৫০টি উপজেলায় ফিডিং কর্মসূচি বাস্তবায়ন করছে। বেড়া উপজেলায় ১১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচির মাধ্যমে পাউরুটি, কলা, বিস্কুট ও ডিম সরবরাহ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রখর ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি কর্তৃক উৎপাদিত পাউরুটি গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর মাধ্যমে বিদ্যালয়গুলোতে সরবরাহ করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রধান শিক্ষকের বক্তব্য

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোক্তার হোসেন বলেন, বিতরণ করা পাউরুটির প্যাকেটে উৎপাদনের তারিখ ১৯ জুন এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ ২৩ জুন উল্লেখ ছিল। তবে পরবর্তীতে অভিভাবকরা কিছু পাউরুটিতে ছত্রাক ও কালো দাগ দেখতে পান এবং তা নিয়ে অভিযোগ করেন। তিনি আরও জানান, বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং সরবরাহকারী প্রতিষ্ঠান গাকের স্থানীয় প্রতিনিধিকে জানানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া

এ বিষয়ে গ্রাম উন্নয়ন কর্মের বেড়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। বেড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, ছত্রাকযুক্ত পাউরুটি বিতরণের বিষয়টি প্রধান শিক্ষককে সতর্ক করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ট চাকমা বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।