চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৬৬৯ কোটি টাকার বেশি বিমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ। এই প্রান্তিকে দেশের সব জীবন বিমা প্রতিষ্ঠানের মধ্যে এটিই সর্বোচ্চ বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মেটলাইফ বাংলাদেশ।
আইডিআরএ তথ্যে শীর্ষ অবস্থান
বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) প্রকাশিত তথ্য অনুযায়ী, দাবি নিষ্পত্তিতে দীর্ঘদিন ধরেই বিমা খাতে শীর্ষ অবস্থানে রয়েছে মেটলাইফ বাংলাদেশ। গত বছর প্রতিষ্ঠানটি ২ হাজার ৮৫৩ কোটি টাকার দাবি পরিশোধ করেছে, যা দেশের জীবন বিমা খাতে সর্বোচ্চ। এ সময়ে তাদের দাবি নিষ্পত্তির হার ৯৮ শতাংশের বেশি।
মেটলাইফের সিইওর বক্তব্য
এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘বিমা দাবি সময়মতো পরিশোধ করা একটি বিমা কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি। আমরা গর্বিত যে দাবি নিষ্পত্তিতে মেটলাইফ বাংলাদেশ বিমা খাতে ধারাবাহিকভাবে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।’
ডিজিটাল দাবি নিষ্পত্তি ব্যবস্থা
মেটলাইফ বাংলাদেশ জানিয়েছে, সহজ ও ঝামেলামুক্ত ডিজিটাল দাবি নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে উপকৃত হচ্ছেন গ্রাহকেরা। এ ব্যবস্থায় অনলাইনে বিমা দাবি জমা দেওয়ার পর সাধারণত তিন থেকে পাঁচ কর্মদিবসের মধ্যেই দাবি করা অর্থ শোধ করা হয়। বর্তমানে বাংলাদেশে প্রায় ১০ লাখ ব্যক্তি গ্রাহক এবং ৯০০টির বেশি করপোরেট গ্রাহককে বিমা সেবা দিচ্ছে মেটলাইফ।



