পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া গ্রামের মিঠন হাওলাদারের মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে তলা ফেটে ডুবে গেছে। তবে পাশে থাকা অন্যান্য ট্রলারের তাৎক্ষণিক সহায়তায় ট্রলারটিতে থাকা ১৬ জেলে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। শুক্রবার (১০ জুলাই) সকালে বঙ্গোপসাগরের হাইর এলাকার কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।
কীভাবে ঘটল দুর্ঘটনা
প্রত্যক্ষদর্শী জেলেরা জানান, মাছ ধরার সময় হঠাৎ সাগরে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়। একপর্যায়ে ঢেউয়ের আঘাতে ট্রলারটির তলা ফেটে পানি উঠতে শুরু করে। বিষয়টি বুঝতে পেরে জেলেরা ট্রলারটি চালিয়ে নিরাপদে আশপাশে থাকা অন্য ট্রলারগুলোর কাছাকাছি যায়। তাদের ডাক শুনে পাশে মাছ ধরতে থাকা অন্য ট্রলারগুলোর জেলেরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রলারে থাকা ১৬ জেলেকে নিরাপদে উদ্ধার করেন। পরে ট্রলারটির বেশিরভাগ অংশ পানিতে ডুবে যায়।
ক্ষয়ক্ষতি ও উদ্ধার কার্যক্রম
দুর্ঘটনায় ট্রলারে থাকা মাছ ধরার জাল, বরফ, জ্বালানি, খাদ্যসামগ্রীসহ বিভিন্ন মালামালের একটি বড় অংশ সাগরের পানিতে ভেসে যায়। বাবুল হাওলাদার (মিঠন হাওলাদারের বাবা) বলেন, 'ট্রলারে থাকা ১৬ জন জেলেকেই জীবিত উদ্ধার করা হয়েছে। পরে তিনটি ট্রলারের সহায়তায় ডুবে যাওয়া ট্রলারটি দড়ি দিয়ে বেঁধে উদ্ধার করে কোড়ালিয়া ঘাটে নিয়ে আসা হচ্ছে।'
কর্তৃপক্ষের বক্তব্য
কোড়ালিয়া মৎস্যজীবী সমিতির সভাপতি জহির হাওলাদার বলেন, 'কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তুফানিয়া এলাকা দিয়ে ডুবে যাওয়া ট্রলারটি ঘাটে নিয়ে আসা হচ্ছে।' রাঙ্গাবালী থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, 'বিষয়টি এইমাত্র জেনেছি। আমরা খোঁজখবর নিয়ে দেখছি।'



