বাঁশখালীতে বন্যায় তৃতীয় শিশুর মৃত্যু, ১২ বছর বয়সী তাহিন নুরের লাশ উদ্ধার
বাঁশখালীতে বন্যায় তৃতীয় শিশুর মৃত্যু, তাহিন নুরের লাশ উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যার পানিতে তলিয়ে যাওয়া আরও এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজের প্রায় ৬ ঘণ্টা পর শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় শিশুটির লাশ উদ্ধার করা হয়। মৃত শিশুর নাম তাহিন নুর (১২)। সে উপজেলার সরল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম জালিয়াঘাটা এলাকার আব্দুল করিমের মেয়ে।

ঘটনার বিবরণ

বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে তাহিন নুর জালিয়াঘাটা এলাকায় বন্যার পানিতে ডুবে থাকা একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। সে সময় পানির স্রোতে হঠাৎ পা পিছলে সে খাদে পড়ে তলিয়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন চারদিকে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

উদ্ধার অভিযান

পরে বিকাল ৪টা ২৫ মিনিটে ফায়ার স্টেশনে খবর দেওয়া হলে স্টেশন অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিকাল থেকে টানা অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাহিন নুরের মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফায়ার সার্ভিসের বক্তব্য

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী ফায়ার স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, ‘পানিতে শিশু নিখোঁজের খবর পাওয়ার পরপরই আমাদের ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় উদ্ধার করে।’

একদিনে তিন শিশুর মৃত্যু

এর আগে বাঁশখালী উপজেলায় বন্যার পানির স্রোতে আরও দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে একদিনে একই উপজেলায় বন্যায় তিন শিশুর মৃত্যু হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ