আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভোট গণনায় কোনও ধরনের কারচুপির চেষ্টা হলে তা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম। শুক্রবার (১০ জুলাই) রাতে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাজশাহী মহানগর এনসিপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভোট গণনায় কারচুপির কঠোর হুঁশিয়ারি
সারজিস আলম বলেন, ‘ভোট গণনায় এদিক-ওদিক করার চেষ্টা করলে সেই হাত আর থাকবে না।’ তিনি বিএনপিকেও উদ্দেশ করে বলেন, ‘আপনারা যেভাবে প্রশাসনকে ব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নির্বাচন করেছিলেন; আগামী স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচন কমিশন থেকে শুরু করে মাঠ প্রশাসনের কেউ যদি মনে করে ভোট গণনায় এদিক-ওদিক করবে, তাহলে আমরা বলে দিচ্ছি— যে হাত এটা করার চেষ্টা করবে, সেই হাত আর থাকবে না।’
ক্ষমতার অপব্যবহার ও ব্যবস্থা পরিবর্তনের আহ্বান
সমাবেশে সারজিস আলম আরও বলেন, ‘আমার আজকে পাওয়ার আছে, আজ পাওয়ার খাটিয়ে কাজ করে নিলাম। যেদিন পাওয়ার থাকবে না, সেদিন দুই পয়সার মূল্য দেবে না। তাহলে তো আমাদের সেই সিস্টেমটার পরিবর্তন করতে হবে। তাহলে তো আমাদের মানুষগুলোর পরিবর্তন করতে হবে।’
সমাবেশে অন্যান্য বক্তা
সমাবেশে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ, সারোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব সাঈফ মুস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং জাতীয় নারীশক্তির সভাপতি মনিরা শারমিন। এনসিপির রাজশাহী মহানগর সভাপতি ও সিটি মেয়রপ্রার্থী মোবাশ্বের আলী সমাবেশে সভাপতিত্ব করেন।
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত
এর আগে সন্ধ্যায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নগরের আলুপট্টি মোড় থেকে শুরু হওয়া পদযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।



