কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকারের একটি কাতলা মাছ। মাছটির ওজন প্রায় ৪০ কেজি (১ মণ)। স্থানীয়রা মাছটি ১ হাজার ১৫০ টাকা কেজি দরে মোট ৪৬ হাজার টাকায় কিনে নিয়েছেন।
বিরল ঘটনা পদ্মায় বিশাল কাতলা
শনিবার (১১ জুলাই) সন্ধ্যার দিকে ভেড়ামারার রায়টা পাথরঘাট এলাকায় মাছটি বিক্রি হয়। জানা গেছে, স্থানীয় জেলে মুরাদের নেতৃত্বে কয়েকজন জেলে নদীতে বেড়জাল ফেলে মাছ শিকার করছিলেন। কয়েক ঘণ্টা পর জালে বড় কিছুর আভাস পেয়ে টেনে তুলতেই দেখা যায় বিশাল এ কাতলা মাছ।
জেলেদের প্রতিক্রিয়া
জেলেরা জানান, এত বড় মাছ তাদের জালে এর আগে কখনো ধরা পড়েনি। মাছটি দেখতে আশপাশের এলাকা থেকে উৎসুক জনতা ভিড় জমায়। অনেকেই বলেন, জীবনে এতো বড় কাতলা এর আগে কখনো দেখেননি। পদ্মা নদীর এ অংশে এমন বিশাল মাছ ধরা পড়ার ঘটনাও বিরল।
ক্রেতার বক্তব্য
পরে ভেড়ামারার বাসিন্দা রিপন আলীসহ কয়েকজন বন্ধু মিলে মাছটি কিনে নেন। তারা মাছটি নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন। রিপন আলী জানান, '৪০ কেজি ওজনের মাছটি প্রতি কেজি ১ হাজার ১৫০ টাকা দরে কিনেছি। মোট দাম পড়েছে ৪৬ হাজার টাকা।'



