সাতক্ষীরায় মোটরসাইকেলের তেল নিতে ডিসির স্বাক্ষরযুক্ত ফুয়েল কার্ড বাধ্যতামূলক
সাতক্ষীরায় মোটরসাইকেলের তেল নিতে ফুয়েল কার্ড বাধ্যতামূলক

সাতক্ষীরায় মোটরসাইকেলের তেল নিতে ডিসির স্বাক্ষরযুক্ত ফুয়েল কার্ড বাধ্যতামূলক

জ্বালানি তেলের চলমান সংকট ও অনিয়ম নিয়ন্ত্রণে সাতক্ষীরা জেলা প্রশাসন মোটরসাইকেলের জন্য তেল সরবরাহে নতুন নির্দেশনা জারি করেছে। বুধবার (২৫ মার্চ) রাতে জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম এক জরুরি ঘোষণার মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

নির্দিষ্ট সময়ে তেল সংগ্রহ

জেলা প্রশাসনের পক্ষে জানানো হয়েছে, শুধুমাত্র মোটরসাইকেলের ক্ষেত্রে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার সব ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সংগ্রহ করা যাবে। নির্ধারিত সময়ের বাইরে কোনো পাম্প বা ডিলার পয়েন্ট থেকে মোটরসাইকেলে তেল দেওয়া হবে না।

বাধ্যতামূলক কাগজপত্র ও হেলমেট

নির্দেশনায় বলা হয়েছে, মোটরসাইকেলের তেল নিতে হলে চালককে অবশ্যই বৈধ কাগজপত্র সঙ্গে রাখতে হবে। এর মধ্যে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন নম্বর ও ট্যাক্স টোকেন উল্লেখযোগ্য। পাশাপাশি হেলমেট পরিধান বাধ্যতামূলক করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফুয়েল কার্ডের ব্যবহার

এছাড়া তেল সংগ্রহের জন্য জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত নির্ধারিত ফুয়েল কার্ড ব্যবহার করতে হবে। এই কার্ড ছাড়া কোনো মোটরসাইকেলকে তেল দেওয়া হবে না। ফুয়েল কার্ড জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় এবং জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

নিষেধাজ্ঞা ও সতর্কতা

ঘোষণায় আরও বলা হয়েছে, কোনো ফিলিং স্টেশন বা ডিলার পয়েন্ট থেকে প্লাস্টিক বোতল, ড্রাম বা কন্টেইনারে জ্বালানি তেল সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ। একই সঙ্গে অনুমোদিত পাম্প ও ডিলার পয়েন্ট ছাড়া খোলা বাজারে জ্বালানি তেল কেনাবেচাও বন্ধ থাকবে।

আইনানুগ ব্যবস্থা

জেলা প্রশাসন জানিয়েছে, এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে জ্বালানি তেলের অপব্যবহার ও কালোবাজারি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা করছে প্রশাসন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ