বাংলাদেশের বাজারে সাত আসনের এসইউভির সংখ্যা সীমিত। পুরো পরিবার নিয়ে একসঙ্গে বেড়ানোর ইচ্ছা থাকলেও অনেক সময় উপযুক্ত গাড়ির অভাবে তা সম্ভব হয় না। এই সমস্যার সমাধানে মিতসুবিশির নতুন সাত আসনের এসইউভি ‘ডেস্টিনেটর’ বাজারে এনেছে র্যাংগস লিমিটেড।
ঢাকা মোটর শোতে আনুষ্ঠানিক উন্মোচন
শুক্রবার রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলমান ‘ঢাকা মোটর শো’তে মিতসুবিশির মেগা প্যাভিলিয়নে ‘মিতসুবিশি ডেস্টিনেটর’ মডেলের গাড়িটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র্যাংগস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুইদুর রহমান, বিপণনপ্রধান ফাহিম হোসেন এবং অন্যান্য কর্মকর্তারা।
বড় পরিবারের জন্য স্বাচ্ছন্দ্যের গাড়ি
অনুষ্ঠানে মুইদুর রহমান বলেন, ‘নতুন মডেলের এসইউভিতে বড় পরিবার বা বেশি যাত্রী স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন। ইতোমধ্যে অগ্রিম ফরমাশের মাধ্যমে আমরা ১২০টি গাড়ি বিক্রি করেছি, যা গাড়ির বাজারে একটি মাইলফলক। বিলাসবহুল গাড়িতে থাকা বিভিন্ন ফিচার এই গাড়িতেও ব্যবহার করা যাবে।’
ফাহিম হোসেন বলেন, ‘পরিবারের সবার স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে ডেস্টিনেটর গাড়িটি তৈরি করা হয়েছে। প্রশস্ত কেবিন, ইয়ামাহা টিউনড অডিও সিস্টেম এবং কার্যকর কুলিং প্রযুক্তির মতো উন্নত সুবিধা প্রতিটি ভ্রমণকে আরও স্বাচ্ছন্দ্যময় করবে।’
ইঞ্জিন ও ট্রান্সমিশন
মিতসুবিশি ডেস্টিনেটর মডেলের গাড়িটিতে রয়েছে ১ দশমিক ৫ লিটার টার্বোচার্জড মেভিক ইঞ্জিন, যা ১৬৩ অশ্বশক্তি ও ২৫০ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে। ১ হাজার ৪৯৯ সিসি ইঞ্জিনে চলা গাড়িটিতে সিভিটি ট্রান্সমিশন সুবিধাও রয়েছে।
অভ্যন্তরীণ ফিচার
গাড়িটির অভ্যন্তরে রয়েছে কালো ও মেরুন কেবিন, হিট গার্ড প্রযুক্তিসম্পন্ন কৃত্রিম চামড়ায় মোড়ানো আসন এবং প্যানারমিক সানরুফ। গাড়ির যাবতীয় তথ্য ১২ দশমিক ৩ ইঞ্চির ইনফোটেইনমেন্ট ডিসপ্লে ও ৮ ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে দেখা যাবে। এ ছাড়া রয়েছে তারবিহীন অ্যাপল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো। গান শোনার জন্য রয়েছে ইয়ামাহার ৮ স্পিকারের প্রিমিয়াম সাউন্ড সিস্টেম। ন্যানোই এক্স এয়ার পিউরিফিকেশনের কারণে গাড়ির ভেতরে বিশুদ্ধ বাতাসের অনুভূতি মিলবে।
নিরাপত্তা ও ডিজাইন
নিরাপত্তার জন্য গাড়িটিতে রয়েছে ছয়টি এয়ারব্যাগ, অ্যাকটিভ ইয়াক কন্ট্রোল, ফরওয়ার্ড কলিশন মিটিগেশন এবং শক্তিশালী মনোকক বডি স্ট্রাকচার। এ ছাড়া পেছনের যাত্রীদের জন্য আলাদা সিলিং শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্রের বায়ু চলাচলের ব্যবস্থাসহ ডায়নামিক শিল্ড ডিজাইন, টি আকৃতির এলইডি লাইট এবং ১৮ ইঞ্চির অ্যালয় চাকা রয়েছে। ছয়টি রঙে বাজারে আসা গাড়িটির দাম ধরা হয়েছে ৬৪ লাখ টাকা।



