স্কুলজীবনে থাপ্পড়ের জেরে যুবক খুন, গ্রেফতার ৩
স্কুলজীবনে থাপ্পড়ের জেরে যুবক খুন, গ্রেফতার ৩

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্কুলজীবনে খেলার সময় থাপ্পড় মারার পুরোনো ঘটনাকে কেন্দ্র করে সানি (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী মফিজুলের বিরুদ্ধে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার বিবরণ

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সানি একই গ্রামের কাতার প্রবাসী হাদিউল ইসলামের ছেলে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে রাত ৮টার দিকে হিজলীয়া দক্ষিণপাড়া মসজিদের পাশে মফিজুলের নেতৃত্বে কয়েকজন সানিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

সানির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে দ্রুত উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সানিকে মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুরোনো বিরোধ

নিহতের পরিবারের সদস্যরা জানান, চার-পাঁচ বছর আগে স্কুলের খেলা নিয়ে মফিজুলের সঙ্গে সানির কথা-কাটাকাটি হয়েছিল। ওই সময় সানি মফিজুলকে একটি থাপ্পড় মেরেছিল। এছাড়া অন্য কোনো বিষয় নিয়ে শত্রুতা আছে বলে তাদের জানা নেই।

মামলা ও গ্রেফতার

এ ঘটনায় নিহতের স্ত্রী সুমাইয়া বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে মফিজুলের দুই ভাইকে গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য চরফরাদী ইউনিয়নের বর্ষাগাতী গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে আবুল কালামকেও গ্রেফতার করা হয়েছে। আবুল কালাম অভিযুক্ত মফিজুলের খালাতো ভাই।

পাকুন্দিয়া থানার ওসি এসএম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার তিনজনের মধ্যে এজাহারভুক্ত দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ