গোপালগঞ্জের কোটালীপাড়ায় মায়ের ইচ্ছাপূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন প্রবাসী মিলন মধু। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার নারকেল বাড়ী গ্রামের সতীশ মধুর ছেলে প্রবাসী মিলন মধু হেলিকপ্টারে চড়ে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মহিষমারি গ্রামে বিয়ে করতে যান।
হেলিকপ্টারে যাত্রা
এর আগে দুপুরে নারকেলবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এসে হেলিকপ্টারটি অবতরণ করে। এ সময় আশপাশের এলাকার শত শত উৎসুক জনতা হেলিকপ্টারটি দেখতে সেখানে ভিড় জমান। বিয়ের কনে মহিষমারি গ্রামের পলাশ সরকারের মেয়ে কলেজছাত্রী প্রেরণা সরকার।
প্রবাসীর বক্তব্য
পারিবারিকভাবে এ বিয়ে হচ্ছে জানিয়ে প্রবাসী মিলন মধু বলেন, 'আমি দীর্ঘ ১৫ বছর ধরে জর্ডান থাকি। তিন ভাই ও এক বোনের মধ্যে আমি সবার ছোট। আমার মা ইচ্ছাপোষণ করেছিল- আমি যেন হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাই। তাই আমি মায়ের ইচ্ছাপূরণে আজ হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাচ্ছি।'
মায়ের আনন্দ
মিলন মধুর মা ললিতা মধু বলেন, 'আমার ইচ্ছা পূরণে মিলন আজ হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাচ্ছে। এতে আমার খুব আনন্দ লাগছে। আমার ছেলে মিলন আগামী রোববার বৌমাকে নিয়ে আবার হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরবে।'
স্থানীয়দের প্রতিক্রিয়া
এলাকার সাবেক ইউপি সদস্য বিজয় মধু বলেন, 'মিলন সম্পর্কে আমার ভাতিজা হয়। তিনি তার মায়ের ইচ্ছাপূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাচ্ছে, এতে আমরা খুবই আনন্দিত। আমাদের এলাকায় হেলিকপ্টারে চড়ে এটাই প্রথম বিয়ে।'



