সুনামগঞ্জের জামালগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শান্ত দাস (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সাচনাবাজারের রামকৃষ্ণ ভাণ্ডারের দ্বিতীয় তলায় গোডাউনে ফ্যানের রডের সঙ্গে ফাঁস দেন তিনি।
পরিচয় ও পেশা
মৃত শান্ত দাস উপজেলার উত্তর ইউনিয়নের রামপুর গ্রামের চন্দন দাসের ছেলে। তিনি সাচনাবাজারের একটি মুদি দোকানের কর্মচারী ছিলেন।
ঘটনার বিবরণ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শান্ত দাস সন্ধ্যায় তার ফেসবুকের স্ট্যাটাসে নিজের ছবি দিয়ে 'শেষ স্মৃতি' লিখে পোস্ট করেন। এরপর দোকান পরিচালনার ফাঁকে সবার চোখ ফাঁকি দিয়ে গোডাউনের দ্বিতীয় তলায় ফ্যানের রডের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। হঠাৎ দোকানের অন্য এক কর্মচারী গোডাউন থেকে মালামাল আনতে গিয়ে তাকে রশির সঙ্গে ঝুলতে দেখেন। তার চিৎকারে মালিকসহ অন্য কর্মচারীরা ছুটে আসেন এবং থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।
পুলিশের বক্তব্য
জামালগঞ্জ থানার ওসি বন্দে আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, প্রেমঘটিত কারণে ওই যুবক আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, ঘটনার তদন্ত চলছে এবং পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।



