চীনে ভোক্তা বিভ্রান্তিকর ট্রেডমার্কের বিরুদ্ধে কঠোর অভিযান
চীনে ভোক্তা বিভ্রান্তিকর ট্রেডমার্কের বিরুদ্ধে অভিযান

চীনে ভোক্তাদের বিভ্রান্ত করে এমন প্রতারণামূলক ও বিভ্রান্তিকর ট্রেডমার্কের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে দেশটির জাতীয় মেধাস্বত্ব নিয়ন্ত্রক সংস্থা-সিএনআইপিএ। সংস্থাটি জানিয়েছে, গত তিন বছরে ১২ লাখ ৭০ হাজারের বেশি ট্রেডমার্ক আবেদন বাতিল করা হয়েছে। আর অবৈধ ঘোষণা করা হয়েছে তিন হাজারের বেশি ট্রেডমার্ক।

সিএনআইপিএ’র অবস্থান

সিএনআইপিএ’র উপকমিশনার রুই ওয়েনবিয়াও সংবাদ সম্মেলনে বলেন, ‘ট্রেডমার্কের মূল উদ্দেশ্য পণ্য বা সেবার উৎস চিহ্নিত করা, বিভ্রান্তিকর প্রচারণা চালানো নয়।’

‘এজ-বল ট্রেডমার্ক’ প্রতারণা

সম্প্রতি চীনে ‘এজ-বল ট্রেডমার্ক’ নামে প্রতারণা করার প্রবণতা দেখা যাচ্ছে, যেখানে নিবন্ধিত ট্রেডমার্ক ব্যবহার করে পণ্যের মান, উৎপত্তি বা বৈশিষ্ট্য সম্পর্কে বিভ্রান্তি তৈরি হয়েছে। এমন কর্মকাণ্ড ঠেকাতে নতুন মূল্যায়ন নির্দেশিকা জারি, নজরদারি ব্যবস্থা জোরদার এবং দ্রুত ট্রেডমার্ক বাতিলের প্রক্রিয়া চালু করেছে সিএনআইপিএ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইন সংশোধন ও শাস্তি

এ ছাড়া নেওয়া হয়েছে ট্রেডমার্ক আইনে সংশোধনের উদ্যোগ। নতুন খসড়ায় বিভ্রান্তিকর ট্রেডমার্ক ব্যবহারের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান যুক্ত করা হয়েছে, যা ইতোমধ্যে জাতীয় আইনসভায় প্রথম দফা অনুমোদন পেয়েছে।

আইন প্রয়োগ জোরদার

সংস্থাটি আরও জানিয়েছে, বাজার নিয়ন্ত্রকদের সঙ্গে সমন্বয় বাড়িয়ে আইন প্রয়োগ আরও জোরদার করা হবে। ব্যবসায়ীদের সৎভাবে কার্যক্রম পরিচালনারও আহ্বান জানানো হয়েছে।

২০২৫ সালের শেষ নাগাদ চীনের মূল ভূখণ্ডে বৈধ নিবন্ধিত ট্রেডমার্কের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪ কোটি ৯৮ লাখ। সূত্র: সিএমজি

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ