বাটা গ্রুপের গ্লোবাল সিইও পানোস মাইটারোস তার প্রথম বাংলাদেশ সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তাদের মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গঠনমূলক ও কার্যকরী আলোচনা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রশংসা ও উৎসাহ
সাক্ষাতে প্রধানমন্ত্রী দেশের অর্থনীতি ও শিল্প খাতে বাটার দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন এবং রফতানি সম্ভাবনা আরও সম্প্রসারণে প্রতিষ্ঠানটিকে উৎসাহিত করেন। তিনি বাটার অগ্রযাত্রায় পাশে থাকার আশ্বাস দেন এবং ভবিষ্যতেও প্রতিষ্ঠানের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সহায়তা করার কথা জানান।
বাটা সিইওর দৃষ্টিভঙ্গি
প্যানোস মাইটারোস বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্ভাবনা, ফুটওয়্যার শিল্পের বিকাশ এবং এই খাতে বাটার ভূমিকা নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। পাশাপাশি তিনি বাংলাদেশে চলমান ও ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা এবং স্থানীয় সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে শিল্পোন্নয়নে অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
সামাজিক উদ্যোগ নিয়ে আলোচনা
আলোচনায় বাটার সামাজিক উদ্যোগও গুরুত্ব পায়। বিশেষ করে ‘বাটা চিলড্রেনস প্রোগ্রামের’ মাধ্যমে শিশুদের জন্য গৃহীত কার্যক্রম এবং দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টির বিষয়টি তুলে ধরা হয়।
সভায় উপস্থিত অন্যান্যরা
বৈঠকে আরও ছিলেন– বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিন, অর্থ পরিচালক ইলিয়াস আহমেদ এবং মানবসম্পদ পরিচালক মালিক মেহেদী কবির।



