কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিশেষ অভিযানে ৬শ পিস ইয়াবা ট্যাবলেটসহ সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক সোনা মিয়া ওরফে ইসমাইলকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার পর তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
অভিযানের বিবরণ
বুধবার (২২ এপ্রিল) বিকালে ব্রাহ্মণপাড়া থানার ওসির নেতৃত্বে উপজেলার ধান্যদৌল এলাকায় অভিযান চালিয়ে সোনা মিয়া ওরফে ইসমাইলকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার সোনা মিয়া (৩৯) উপজেলার ধান্যদৌল গ্রামের মৃত হাজী আব্দুল মজিদের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সৈকত মজুমদার ও এএসআই সাইফুল আলম সিদ্দিকীসহ সঙ্গীয় ফোর্স ধান্যদৌল গ্রামের মজিদ মেম্বারের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় সোনা মিয়া ওরফে ইসমাইলের বসতঘর থেকে ৬শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে তাকে আটক করা হয়।
বিএনপির অবস্থান
এ বিষয়ে উপজেলা বিএনপির সহ-সভাপতি মহসিন কবির সরকার বলেন, বিএনপি একটি বড় দল তাই কখনো কখনো বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে এই সব দুষ্কৃতকারীরা দলে ঢুকে সুনাম নষ্ট করার চেষ্টা করে। এগুলো দলের হাইকমান্ডসহ দায়িত্বশীলদের নজরে আসলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়।
তিনি বলেন, ইয়াবাসহ গ্রেফতার সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক সোনা মিয়া ওরফে ইসমাইলকে দল থেকে বৃহস্পতিবার বহিষ্কার করা হয়েছে। দলের হাইকমান্ডের নির্দেশে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এইচএম হেদায়েত উল্লাহ সরদার স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কারাদেশ দেওয়া হয়।



