ভোলা জেলার মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে চলাচলকারী যাত্রীসহ পণ্যবোঝাই একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় তজুমুদ্দিন থেকে মনপুরার হাজিরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসার সময় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। ট্রলারটি প্রবল স্রোতের তোড়ে তজুমুদ্দিন ঘাটের কাছে ডুবে যায়।
ঘটনার বিবরণ
ট্রলারটির মাঝি হিরন জানান, ফারহান লঞ্চের যাওয়ার সময় তীব্র ঢেউয়ে মালামাল বোঝাই ট্রলারটি তীরেই ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা স্কুল ফিডিংয়ের ৯৩৪ পিস রুটি, ১৫০ বস্তা মুরগির খাদ্য সামগ্রী, ১১০ বস্তা চাউল এবং ভোজ্যতেলসহ অন্যান্য মালামাল নদীতে তলিয়ে যায়। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ডুবে যাওয়া ট্রলার থেকে উদ্ধার হওয়া কয়েকজন যাত্রী জানান, ট্রলারটির ধারণক্ষমতার অতিরিক্ত মালামাল নেওয়ায় এটি একদিকে কাত হয়ে যায়। পরে মাঝি ট্রলারটিকে ঘুরিয়ে ফের তজুমুদ্দিন ঘাটের কাছে নিয়ে আসার সময় স্রোতের তোড়ে ডুবে যায়। তবে যাত্রী ও মাঝিসহ সবাই তীরে উঠে আসতে সক্ষম হন।
ক্ষয়ক্ষতি
মনপুরার হাজিরহাট বাজারের সার-কীটনাশক ব্যবসায়ী কাউছার জানান, ট্রলারে ১২০ বস্তা ব্রয়লার ছিল। এতে তাদের লক্ষাধিক টাকার মালামালসহ ব্যবসায়ীদের মোট ২০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে। বুধবার সকালে ডুবে যাওয়া ট্রলারসহ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে বলে মাঝি হিরন নিশ্চিত করেছেন।
প্রশাসনের বক্তব্য
তজুমুদ্দিন থানার ওসি মো. মিজানুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করছেন। মনপুরা উপজেলার ইউএনও মো. আবু মুছা জানান, তজুমুদ্দিনের মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় মনপুরার ব্যবসায়ীদের মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে।



